logo

ভারতের কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ভারতের কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
হকিতে আবারও ভারতের কাছে বড় হার বাংলাদেশের। ছবি: বাংলাদেশ হকির ফেসবুক পেজ

এশিয়ান গেমস হকিতে ভারতের বিপক্ষে আবারও বড় ব্যবধানে হারল বাংলাদেশ। পুল ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজরা।

জাপানের কাকামিগাহারায় বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা পর। শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। তৃতীয় মিনিটে অভিষেকের দারুণ রিভার্স শটে এগিয়ে যায় ভারত। এরপর অবশ্য প্রথম কোয়ার্টারের বাকি সময় প্রতিপক্ষকে আর গোল করতে দেয়নি বাংলাদেশ। একটি পেনাল্টি কর্নারও আদায় করেছিল তারা, তবে ভারতের গোলরক্ষক সুরজ কারকেরাকে পরাস্ত করা যায়নি।

দ্বিতীয় কোয়ার্টার থেকেই বদলে যায় চিত্র। পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন যুগরাজ সিং। এরপর পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত গোল করলে প্রথমার্ধ শেষে ভারত এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

তৃতীয় কোয়ার্টারেই মূলত বাংলাদেশের প্রতিরোধ ভেঙে পড়ে। শুরুতেই দলীয় আক্রমণ থেকে গোল করেন সুখজিৎ সিং। এরপর পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হরমনপ্রীত। অল্প সময়ের ব্যবধানে দুইবার লক্ষ্যভেদ করেন শিলানন্দ লাকড়া। আরেকটি পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হরমনপ্রীত। তৃতীয় কোয়ার্টার শেষেই স্কোরলাইন দাঁড়ায় ৮-০।

শেষ কোয়ার্টারের বেশির ভাগ সময় আর গোল না হলেও শেষ দিকে আবার বাংলাদেশের জালে বল পাঠায় ভারত। নবম গোলটি করেন সঞ্জয়, আর একেবারে শেষ দিকে দশম গোলটি করেন মনদীপ সিং। হরমনপ্রীতের তিন ও লাকড়ার দুই গোলের পাশাপাশি একটি করে গোল করেন অভিষেক, যুগরাজ, সুখজিৎ, সঞ্জয় ও মনদীপ।

এই ম্যাচের আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশকে হারিয়ে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে পুল পর্ব শেষ করল তারা। আগের চার ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১, শ্রীলঙ্কাকে ১৬-১, দক্ষিণ কোরিয়াকে ৮-২ এবং স্বাগতিক জাপানকে ২-০ গোলে হারিয়েছিল ভারত।

বাংলাদেশের জন্য অবশ্য আসরটা শেষ হলো মিশ্র অভিজ্ঞতায়। প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ গোলে হারের পর শ্রীলঙ্কাকে ৫-১ ও ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সেই ছন্দ ধরে রাখা সম্ভব হয়নি।

ভারতের বিপক্ষে সাম্প্রতিক এশিয়ান গেমসের স্মৃতিও সুখকর নয় বাংলাদেশের। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসের পুল পর্বে ভারতের কাছে ১২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ব্যবধান দুই গোল কমলেও আবারও গোলশূন্য থেকে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হলো