বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান।
এর আগে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শোনেননি হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিম এম রহমান।
মোহাম্মদ মোশারফ নামে একজন ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন। মাহিম এম রহমান বলেন, শুনানি শেষে আদালত বলেছেন— এই আবেদনের মাধ্যমে বিসিবির নির্বাচন বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না।
এদিকে গত ১৬ মে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এই রিট আবেদনটি দায়ের করেন।
