মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন

এশিয়া পোস্ট ডেস্ক
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন
ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচের শুরুর একাদশে পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। কাবো ভার্দের বিপক্ষে কঠিন লড়াই করা একাদশের তিন পরিবর্তন নিয়েই আজ মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো। কেপ ভার্দের বিপক্ষে তার জায়গায় খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে পেশিতে টান পড়ায় আজকের ম্যাচে বেঞ্চ থেকে শুরু করবেন তিনি।

আক্রমণভাগেও পরিবর্তন আনা হয়েছে। টুর্নামেন্টের গত চার ম্যাচে শুরুর একাদশে ছিলেন লাওতারো মার্তিনেজ। আজকের ম্যাচে তাকে বেঞ্চে রেখে সুযোগ দেওয়া হয়েছে হুলিয়ান আলভারেজকে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও শেষ ৩২-এর ম্যাচে প্রত্যাশিত ছন্দে ছিলেন না লাওতারো। অন্যদিকে বাঁ পায়ের গোড়ালির চোট থেকে সেরে উঠেই একাদশে ফিরেছেন আলভারেজ।

মাঝমাঠেও এসেছে পরিবর্তন। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও ছন্দের অভাব ছিল আর্জেন্টিনার খেলায়। সেই জায়গা শক্ত করতে আজ শুরু থেকেই খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখানো এই মিডফিল্ডারকে জায়গা করে দিতে বসতে হচ্ছে থিয়াগো আলমাদাকে।

ম্যাচ-পূর্ব এক সংবাদ সম্মেলনে স্কালোনি সরাসরি একাদশ প্রকাশ না করলেও ইঙ্গিত দিয়েছেন, সংবাদমাধ্যমে যে তথ্য এসেছে, সেটিই প্রায় সঠিক।

তিনি বলেন, ‘দল আমি ঠিক করে ফেলেছি। তবে এখনো খেলোয়াড়দের জানাইনি, তাই আপনাদেরও বলিনি। তবে মোটামুটি কী হচ্ছে, সেটা আপনারা জানেন। (এএফএর যোগাযোগ ব্যবস্থাপক) নিকো আমাকে বলেন, সংবাদমাধ্যমে কী আলোচনা হচ্ছে। আর সেটা প্রায় সঠিক দিকেই আছে।’

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।