বিশ্বকাপ শুরুতেই মেসি-ঝলক, লিডে আর্জেন্টিনা

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’র ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন অধিনায়ক।
কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে খেলছিল আর্জেন্টিনা। কমপ্যাক্ট পাসিং ও দ্রুত মুভমেন্টে আলজেরিয়ার রক্ষণে চাপ তৈরি করে লিওনেল স্কালোনির দল। শুরুতে মেসির একটি গোল সামান্য অফসাইডের কারণে বাতিল হয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন সমর্থকদের।
১৭ মিনিটে মেসির গোলেই লিড নেয় আর্জেন্টিনা। ডান দিক থেকে আক্রমণে যুক্ত হয়ে নিজের স্বভাবসুলভ ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগান আর্জেন্টাইন অধিনায়ক। গোলের পর কানসাসের গ্যালারিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস ছড়িয়ে পড়ে।
আলজেরিয়া রক্ষণাত্মক ছকে ম্যাচ শুরু করলেও আর্জেন্টিনার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। রিয়াদ মাহরেজকে বেঞ্চে রেখে নামা আফ্রিকান দলটি পাল্টা আক্রমণে সুযোগ খুঁজছে। তবে ম্যাচের শুরুতে ছন্দ ও নিয়ন্ত্রণ দুটোই আর্জেন্টিনার হাতে।