logo

১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড

১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
জাপানের শিন ওহাশি। ছবি: রয়টার্স

মাত্র ১৭ বছর বয়সেই সাঁতারে বিশ্বরেকর্ড গড়লেন জাপানের শিন ওহাশি। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন এই কিশোর। একই সঙ্গে ভেঙে দিয়েছেন তিন বছর আগের বিশ্বরেকর্ড।

আগের রেকর্ডটি ছিল চীনের ছিন হাইয়াংয়ের। ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফুকুওকায় তিনি ২ মিনিট ৫.৪৮ সেকেন্ড সময় করেছিলেন। ওহাশি সেই রেকর্ড থেকে ০.৬৫ সেকেন্ড কমিয়ে প্রথমবারের মতো ২ মিনিট ৫ সেকেন্ডের বাধা ভাঙলেন।

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে স্বাগতিক দর্শকদের সামনে রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ওহাশি বলেন, “বিশ্বরেকর্ডই আমার লক্ষ্য ছিল, তাই এটা করতে পেরে আমি খুব খুশি।” এরপরই পরের লক্ষ্যও জানিয়ে দিয়েছেন তিনি, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা।

ফাইনালে ওহাশির ধারেকাছেও যেতে পারেননি বাকিরা। কিরগিজস্তানের ডেনিস পেত্রাশভ ২ মিনিট ৮.৬৭ সেকেন্ডে রুপা জিতেছেন। দক্ষিণ কোরিয়ার চো সুং-জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।

চলতি মৌসুমে এই ইভেন্টে আগেই দ্রুততম সময় ছিল ওহাশির, ২ মিনিট ৬.৫৯ সেকেন্ড। এ বছর ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও জাপানের জাতীয় রেকর্ড ভেঙেছেন তিনি। সেই রেকর্ডটি ছিল চারবারের অলিম্পিক সোনাজয়ী কোসুকে কিতাজিমার।

ওহাশির সম্ভাবনা নিয়ে আগেই সতর্ক করেছিলেন ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের অলিম্পিক চ্যাম্পিয়ন লিওঁ মারশাঁ। জাপানি কিশোরকে নিয়ে ফরাসি তারকা বলেছিলেন, “আমি ভয় পাচ্ছি। সত্যিই তাকে নিয়ে ভয় পাচ্ছি।” তার সেই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই বিশ্বরেকর্ড গড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন ওহাশি।