ভারতে এসে কোহলির সঙ্গে খেলতে চান জোকোভিচ

টেনিস দুনিয়ার অন্যতম সেরা নাম নোভাক জোকোভিচ। আর ক্রিকেটে আধুনিক যুগের অন্যতম জনপ্রিয় মুখ বিরাট কোহলি। ভিন্ন দুই খেলায় শীর্ষে থাকা এই দুই তারকার মধ্যে যে এক বিশেষ বন্ধুত্ব রয়েছে, তা নতুন করে সামনে এল জোকোভিচের এক স্বীকারোক্তি।
টেনিসের সর্বোচ্চ গ্রান্ডস্লাম জয়ী জোকোভিচ জানিয়েছেন, কোহলিই তাকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলেছেন। আগে এই খেলাটি তেমন অনুসরণ করতেন না তিনি। কিন্তু কোহলির সঙ্গে পরিচয়ের পর থেকেই ধীরে ধীরে ক্রিকেট দেখা শুরু করেন।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কথা বলতে গিয়ে জোকোভিচ বলেন, কোহলি তার বন্ধু এবং যাকে তিনি গভীরভাবে শ্রদ্ধা করেন। দূরত্ব সত্ত্বেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, শিগগিরই ভারতে এলে কোহলির সঙ্গে সময় কাটানোর সুযোগ হবে।
জোকোভিচের ভাষায়, তিনি ভারতে এলে কোহলির সঙ্গে একটু টেনিস, একটু ক্রিকেট খেলতে চান। খেলাধুলার আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার ইচ্ছাও রয়েছে তার।
ভারত নিয়ে নিজের অনুভূতিও স্পষ্টভাবে জানিয়েছেন এই সার্বিয়ান তারকা। দীর্ঘদিন ধরেই ভারতীয় সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তার মনে ভারতে যাওয়ার তাগিদ কাজ করছে এবং শিগগিরই সেখানে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
জোকোভিচ আশা করছেন, ভারতে গিয়ে কোনো ইভেন্ট আয়োজন কিংবা প্রদর্শনী ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে। তার কথায়, ভারতীয় মানুষের সঙ্গে এক ধরনের আত্মিক সংযোগ অনুভব করেন তিনি।
এদিকে বর্তমান টেনিস প্রজন্ম নিয়েও কথা বলেছেন ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা। কার্লোস আলকারাজ ও জানিক সিনারের প্রতিদ্বন্দ্বিতাকে তিনি প্রশংসা করেছেন। তবে নিজের দৃষ্টিতে টেনিস ইতিহাসে ‘বিগ থ্রি’ই সেরা হয়ে থাকবে বলে মনে করেন জোকোভিচ।


