logo

টেপটেনিস ক্রিকেট বোর্ডের যাত্রা শুরু

টেপটেনিস ক্রিকেট বোর্ডের যাত্রা শুরু

লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ টেপটেনিস ক্রিকেট বোর্ড। একই অনুষ্ঠানে ক্রিকেট সংগঠক সরোয়ার হোসেন আকুলকে বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা মাঠে এক আয়োজনের মধ্য দিয়ে এই বোর্ডের উদ্বোধন করা হয়। একটি ফুটসাল টুর্নামেন্টের ফাইনালের আগে আনুষ্ঠানিক ঘোষণা আসে নতুন এই সংগঠনের।

লোগো উন্মোচনের পর জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার কমল সভাপতির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেপটেনিস ক্রিকেটার কিং শুক্কুর, ডিজে রনি এবং বিভিন্ন ক্রীড়া সংগঠক।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

দেশসেরা টেপটেনিস ক্রিকেটার কিং শুক্কুর বলেন, দক্ষিণ এশিয়ায় টেপটেনিস ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় হলেও এই খেলায় কোনো কেন্দ্রীয় কাঠামো বা নীতিমালা ছিল না। তিনি বলেন, টেপটেনিস ক্রিকেটে দীর্ঘদিন ধরেই কোনো অভিভাবক ছিল না। তাই খেলোয়াড় ও সংগঠকদের উদ্যোগে এই বোর্ড গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সরোয়ার হোসেন আকুল বলেন, দেশের বিভিন্ন প্রান্তে টেপটেনিস ক্রিকেটে বিপুল সংখ্যক খেলোয়াড় নিয়মিত অংশ নিচ্ছেন এবং অনেকে এ থেকে উল্লেখযোগ্য আয়ও করছেন। তবে কোনো সংগঠিত কাঠামো না থাকায় এই খাতটি সঠিকভাবে বিকশিত হচ্ছিল না।

তিনি বলেন, এই খেলাকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি একই মাঠে দেশের আটটি বিভাগের অংশগ্রহণে টেপটেনিস ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড় ও দর্শকদের ব্যাপক সাড়া দেখা যায়।