logo

টাইব্রেকারের নাটকে এশিয়ান গেমস নিশ্চিত বাংলাদেশের

টাইব্রেকারের নাটকে এশিয়ান গেমস নিশ্চিত বাংলাদেশের

টাইব্রেকারের রোমাঞ্চ পেরিয়ে শেষ পর্যন্ত এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। বাছাই পর্বের স্থান নির্ধারণী প্লে-অফে হংকংকে ৩-২ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে আমিরুল ইসলামদের দল।

নির্ধারিত সময়ে দুই দলই ৪-৪ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম শট মিস করায় চাপ তৈরি হয়। তবে গোলরক্ষক বিপ্লব কুজুরের অসাধারণ পারফরম্যান্সে ম্যাচে ফেরে দল। তিনি দুটি শট রুখে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত রোকন, জয় ও ফজলে রাব্বির সফল শটে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচের শুরুটা অবশ্য দারুণ ছিল বাংলাদেশের। প্রথম পাঁচ মিনিটেই রকি ও আমিরুলের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল। তবে দ্রুতই ম্যাচে ফেরে হংকং। প্রথম কোয়ার্টারেই একটি গোল শোধ করে তারা। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হলেও ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে হংকং সমতা ফেরালে আবার চাপ বাড়ে। ৪১ মিনিটে আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে গোল করে আবার এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু চতুর্থ কোয়ার্টারে হংকং আবার সমতায় ফিরে আসে। এর কিছুক্ষণ পর আশরাফুল আবার গোল করে দলকে এগিয়ে দিলেও, দ্রুতই পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরায় হংকং।

শেষ দিকে কয়েকটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপ সামলে জয় তুলে নেয় লাল-সবুজের দল।

এই টুর্নামেন্ট থেকে ছয়টি দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। ফলে এই জয়েই নিশ্চিত হয়েছে বাংলাদেশের অংশগ্রহণ।