আফগানিস্তানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

টিম সাইফার্টের ঝলমলে হাফসেঞ্চুরি ও গ্লেন ফিলিপসের গুরুত্বপূর্ণ ক্যামিওতে ভর করে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রোববার ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ব্ল্যাকক্যাপসরা।
১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে মুজিব উর রহমান পরপর দুই বলে ফিন অ্যালেন (১) ও রাচিন রবীন্দ্রকে (০) ফিরিয়ে দিলে স্কোরবোর্ডে মাত্র ১৪ রানেই দুই উইকেট হারায় তারা। সেখান থেকেই ঘুরে দাঁড়ান টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে ৭৪ রানের দ্রুতগতির জুটি গড়ে ম্যাচে ফেরান কিউইদের।
দশম ওভারে অধিনায়ক রশিদ খানের বলে ২৫ বলে ৪২ রান করা ফিলিপস বিদায় নিলে ভাঙে এই জুটি। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন সাইফার্ট। পরে মার্ক চ্যাপম্যানকে সঙ্গে নিয়ে আরও ৩৬ রানের জুটি গড়েন তিনি। ৪২ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৬৫ রান করে শেষ পর্যন্ত আউট হন সাইফার্ট।
১৬তম ওভারে চ্যাপম্যান (১৭ বলে ২৮) আউট হলে ম্যাচে খানিক উত্তেজনা তৈরি হয়। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান। তবে ড্যারিল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার আর কোনো বিপদ হতে দেননি। দুজন মিলে মাত্র ১৩ বলে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মিচেল ১৪ বলে অপরাজিত ২৫ ও স্যান্টনার ৮ বলে ১৭ রান করেন।
আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান নেন দুটি উইকেট। এছাড়া আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান ও মোহাম্মদ নবী একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৩৫ রানের সূচনা জুটি গড়লেও লকি ফার্গুসনের আঘাতে দ্রুত দুই ওপেনারই ফেরেন। গুরবাজ ২২ বলে ২৭ ও জাদরান ১২ বলে ১০ রান করেন।
এরপর গুলবাদিন নাইব ও সেদিকুল্লাহ আতাল তৃতীয় উইকেটে ৭৯ রানের বড় জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। আতাল ২৯ রান করে আউট হলেও নাইব একপ্রান্তে অবিচল ছিলেন। ৩৫ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। শেষদিকে দারবিশ রাসুলি ১৩ বলে ২০, নবী অপরাজিত ১০ ও ওমরজাই ১৪ রান করে দলকে ১৮০-এর ওপরে নিয়ে যান।
নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া জ্যাকব ডাফি, ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট তুলে নেন।