logo
Advertisement

সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, বিশ্বজুড়ে অ্যাডিডাস বয়কটের ডাক

সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, বিশ্বজুড়ে অ্যাডিডাস বয়কটের ডাক
সাবেক এক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে ব্যবহার করে বিতর্কে পড়েছে অ্যাডিডাস। ছবি: এক্স থেকে নেওয়া

সাবেক এক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে ব্যবহার করে বয়কটের আহ্বানের মুখে পড়েছে ক্রীড়াপোশাক ও জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। গাজায় হাজারো ফিলিস্তিনির অঙ্গহানির মধ্যে ওই সেনাকে প্রচারের মুখ হিসেবে বেছে নেওয়ার সমালোচনা করছেন মানবাধিকারকর্মী ও ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা।

Advertisement

বিজ্ঞাপনে অংশ নেওয়া সাবেক সেনার নাম শালেভ বিতোন। তাকে ইসরায়েলের একটি দোকানে জুতা পরতে এবং পরে বাইরে দৌড়াতে দেখা যায়। বিজ্ঞাপনের প্রচারে তুলে ধরা হয়েছে অ্যাডিডাসের এক পাটি জুতা কেনার সুবিধা। যাদের শুধু এক পাটি জুতা প্রয়োজন, তারা এই সেবায় পুরো জোড়ার অর্ধেক দামে সেটি কিনতে পারেন বলে বিজ্ঞাপনে জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী, ২০২১ সালের মে মাসে গাজা সীমান্তের কাছে সামরিক যানে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বিতোন। কয়েক দফা অস্ত্রোপচারের পর তাঁর বাঁ পা কেটে ফেলতে হয়। পরে পুনর্বাসনের মাধ্যমে কৃত্রিম পা নিয়ে দৌড়ে ফেরেন তিনি।

ফিলিস্তিনপন্থি বয়কট প্রচারাভিযানের সমন্বয়ক স্টেফানি ওয়েস্টব্রুক বিজ্ঞাপনটিকে ফিলিস্তিনিদের প্রতি অপমান হিসেবে দেখছেন। আল জাজিরাকে তিনি বলেন, ‘ইসরায়েলের হামলায় যারা স্বজন কিংবা অঙ্গ হারিয়েছেন, সেই ফিলিস্তিনিদের জন্য এটি চরম অপমান।’

তার অভিযোগ, এমন প্রচার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে উপস্থাপনে সহায়তা করে। গাজায় চিকিৎসা ও পুনর্বাসনসেবার সংকট এবং কৃত্রিম অঙ্গ প্রবেশে বাধার কথাও তুলে ধরেন তিনি।

বয়কটের আহ্বানে যোগ দিয়েছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমও। সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট প্রচার তুলে ধরেছেন তিনি। মার্কিন-ফিলিস্তিনি লেখক সুসান আবুলহাওয়া ও পাকিস্তানি লেখক ফাতিমা ভুট্টোও অ্যাডিডাসের সমালোচনা করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৬ সালের মে মাসের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় আঘাতজনিত অঙ্গচ্ছেদের পাঁচ হাজারের বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। এই বিপুলসংখ্যক মানুষের চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজনই বিজ্ঞাপনটি ঘিরে সমালোচনার অন্যতম প্রেক্ষাপট। জাতিসংঘের ওয়েবসাইটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন

সমালোচনার জবাবে অ্যাডিডাস ওয়াইনেটকে জানিয়েছে, এক পাটি জুতা কেনার সেবাটি বিশ্বব্যাপী ক্রেতা ও ক্রীড়াবিদদের সুবিধা বাড়ানোর উদ্যোগ। এটি বিশেষভাবে ইসরায়েলি সেনাদের জন্য তৈরি করা হয়নি। প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে সেবাটি চালু করা হয়েছে। গত জানুয়ারিতে ইউরোপের ২৩টি দেশে শুরু হওয়ার পর তা অন্য বাজারেও সম্প্রসারণ করা হয়েছে।