logo

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ভ্রমণ জটিলতায় ক্রীড়াবিদরা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ভ্রমণ জটিলতায় ক্রীড়াবিদরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে ব্যাপক বিঘ্ন দেখা দেওয়ায় বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা ভ্রমণ জটিলতায় পড়েছেন। দুবাইয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক এটিপি ৫০০ টুর্নামেন্ট শেষে কয়েকজন টেনিস খেলোয়াড় ও তাদের সাপোর্ট স্টাফ এখনও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানিয়েছে এটিপি ট্যুরস।

সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন ড্যানিয়েল মেদভেদ ইঙ্গিত দিয়েছেন, তিনিও তাদের মধ্যে রয়েছেন। গত সপ্তাহে দুবাইয়ে এটিপি ইভেন্ট জয়ের পর ফ্লাইট বাতিল হওয়ায় তিনি সেখানেই আটকে পড়েন। রুশ ভাষার টেনিস আউটলেট ‘বোলশে’-এর এক প্রতিবেদনে জানানো হয়, মেদভেদেভ বর্তমানে দুবাইয়ে এক বন্ধুর অ্যাপার্টমেন্টে নিরাপদে আছেন। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি ওই প্রতিবেদনটি পুনঃপ্রকাশ করেন।

এক বিবৃতিতে এটিপি ট্যুর জানায়, ‘আমাদের খেলোয়াড়, স্টাফ এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। সাম্প্রতিক এটিপি ৫০০ ইভেন্ট শেষে অল্পসংখ্যক খেলোয়াড় ও তাদের টিম এখনও দুবাইয়ে অবস্থান করছেন-এটি আমরা নিশ্চিত করছি।’

সংস্থাটি আরও জানায়, সংশ্লিষ্ট খেলোয়াড় ও তাদের দলকে টুর্নামেন্টের নির্ধারিত হোটেলগুলোতে রাখা হয়েছে এবং তাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণে সহায়তা দেওয়া হচ্ছে। বিমান সংস্থাগুলোর কার্যক্রম ও সরকারি নির্দেশনার ভিত্তিতে পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। নিরাপদে ভ্রমণের সুযোগ তৈরি হলেই তাদের যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

দুবাইয়ে আটকে পড়া খেলোয়াড়দের মধ্যে কয়েকজনের এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য বিএনপি প্যারিবাস ওপেনে অংশ নেওয়ার কথা রয়েছে। ইন্ডিয়ান ওয়েলসে মূল পর্বের ম্যাচ শুরু হবে বুধবার থেকে।

টেনিস ছাড়াও প্রভাব পড়েছে অন্যান্য খেলাতেও। ইংল্যান্ড ও পাকিস্তানের পুরুষ ডেভলপমেন্ট দলের ক্রিকেটাররা সপ্তাহান্তে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন; নির্ধারিত একটি ম্যাচ রোববার বাতিল করা হয়। ইউরোলিগের একটি যুব বাস্কেটবল টুর্নামেন্টও বাতিল হয়েছে, ফলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটে।

এ ছাড়া অঞ্চলে বেশ কয়েকটি ক্রীড়া আসর স্থগিত হয়েছে। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ম্যাচ এবং কাতারি লিগ আপাতত বন্ধ রাখা হয়েছে। এদিকে ফমূর্লা ওয়ানের নিয়ন্ত্রক সংস্থা সোমবার জানায়, অঞ্চলটিতে আসন্ন রেসগুলো নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে তারা “নিরাপত্তা ও কল্যাণ”-কেই সর্বোচ্চ গুরুত্ব দেবে।

চলমান অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভ্রমণ ও আয়োজন উভয় ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জটিলতা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে।