Advertisement

ডিভোর্সের প্রসঙ্গ টেনে সিটি খেলোয়াড়দের গার্দিওলার ধমক

এশিয়া পোস্ট স্পোর্টস
ডিভোর্সের প্রসঙ্গ টেনে সিটি খেলোয়াড়দের গার্দিওলার ধমক
ছবি: অ্যামাজন ভিডিও

ব্যক্তিগত জীবনে হারিয়ে যাওয়া আবেগের সঙ্গে ফুটবল মাঠের নিষ্প্রভ পারফরম্যান্সকে মিলিয়ে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের কঠিন বার্তা দিয়েছিলেন দলটির সাবেক কোচ পেপ গার্দিওলা। ড্রেসিংরুমের সেই বক্তব্যে সাবেক স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে নিজের বিবাহবিচ্ছেদের কথাও প্রকাশ করেছিলেন স্প্যানিশ কোচ।

Advertisement

গার্দিওলার ম্যানচেস্টার সিটি অধ্যায়ের শেষ দুই মৌসুম নিয়ে নির্মিত নতুন তথ্যচিত্র ‘আ বিউটিফুল অবসেশন’-এ সেই দৃশ্য সামনে এসেছে।

২০২৪ সালের ডিসেম্বরে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের কাছে ২-০ গোলে হারের পর ঘটনাটি ঘটে। সেটি ছিল সিটির ১০ ম্যাচের মধ্যে সপ্তম হার। ওই সময়ে মাত্র একটি ম্যাচ জিতেছিল গার্দিওলার দল। খেলোয়াড়দের নিষ্প্রাণ পারফরম্যান্সে ক্ষুব্ধ গার্দিওলা ড্রেসিংরুমে নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনে আনেন।

খেলোয়াড়দের তিনি বলেন, ‘আমার বিবাহবিচ্ছেদ হয়েছে। আমি এখনো তাকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমাদের সম্পর্কের আবেগ হারিয়ে গিয়েছিল।’

ক্রিস্টিনা এখনো তাকে ভালোবাসেন বলেও জানান গার্দিওলা। ভালোবাসা থাকার পরও আবেগ হারিয়ে যাওয়াই তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে তুলে ধরেন তিনি। এরপর একই প্রশ্ন ছুড়ে দেন নিজের খেলোয়াড়দের দিকে।

গার্দিওলা জানতে চান, তারা শুধু পারিশ্রমিক পাওয়ার জন্য ফুটবল খেলছেন, নাকি ভেতরের তাড়না থেকে খেলছেন। তিনি বলেন, ‘জীবনে যা-ই করো, আবেগ নিয়ে করো। আমি শুধু ভালো খেলোয়াড় চাই না, আবেগ নিয়ে খেলা ফুটবলার চাই।’

গার্দিওলা ও ক্রিস্টিনার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায় ২০২৪ সালে। তবে তখন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সিটির কোচ। নতুন তথ্যচিত্রে প্রথমবারের মতো দেখা গেল, ব্যক্তিগত জীবনের সেই কঠিন সময় কতটা প্রভাব ফেলেছিল তার ওপর।

ইতিহাদ স্টেডিয়ামে ১০ বছরের সফল অধ্যায়ে সিটিকে ২০টি শিরোপা জিতিয়েছেন গার্দিওলা। তবে সাফল্যের পেছনে ব্যক্তিগত জীবনে বড় মূল্য দিতে হয়েছে বলেও তথ্যচিত্রে ইঙ্গিত করেছেন তিনি। গত মৌসুম শেষে সিটির দায়িত্ব ছাড়েন স্প্যানিশ এই কোচ।

কোচিংয়ে ফেরার বিষয়েও এখন নিশ্চিত নন গার্দিওলা। গ্রীষ্মে ইতালি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘আমি নিজেও জানি না কী করব। তবে আবার ফিরে আসা কঠিন হবে।’

ব্যক্তিগত ও পেশাগত জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো থেকে সেরে উঠতে সময় প্রয়োজন বলে মনে করছেন ৫৫ বছর বয়সী এই কোচ। আপাতত ফুটবল থেকে দূরে থেকে নিজেকে নতুন করে খুঁজে পেতে চান তিনি।

চার পর্বের ‘আ বিউটিফুল অবসেশন’ আগামী ১৯ আগস্ট প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। তথ্যচিত্রটিতে সিটির ড্রেসিংরুম ও পরিচালনা পর্ষদের আলোচনাসহ গার্দিওলার শেষ দুই মৌসুমের অপ্রকাশিত বিভিন্ন ঘটনা দেখানো হয়েছে।