logo
Advertisement

এনএসসির পুরোনো ভবন ভেঙে হবে আধুনিক বহুতল ক্রীড়া ভবন

এশিয়া পোস্ট স্পোর্টস
এনএসসির পুরোনো ভবন ভেঙে হবে আধুনিক বহুতল ক্রীড়া ভবন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: আমিনুল হকের ফেসবুক থেকে নেওয়া

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরোনো ভবন ভেঙে ইনডোর অনুশীলনসহ আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুতল ক্রীড়া ভবন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ভবনটি আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

Advertisement

রোববার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে আয়োজিত পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আমিনুল হক বলেন, 'বিদ্যমান পুরোনো ভবনটি ভেঙে আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা রেখে একটি বড় বহুতল ভবন করার পরিকল্পনা সরকারের রয়েছে।'

প্রতিমন্ত্রী জানান, পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে কয়েকজন দেশি ও বিদেশি বিনিয়োগকারী প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তবে ভবনটির সম্ভাব্য উচ্চতা ও ব্যয়, অর্থায়নের ধরন কিংবা নির্মাণকাজ শেষ করার সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

বর্তমান অবকাঠামোয় অনুশীলনের সময় খেলোয়াড়দের নানা অসুবিধা, বিশেষ করে গরমে কষ্টের বিষয়টি তুলে ধরেন আমিনুল হক। আধুনিক ইনডোর সুবিধা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ অবকাঠামোর মাধ্যমে ক্রীড়াবিদদের জন্য দ্রুত একটি সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার কথা জানান তিনি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। তিন দিনব্যাপী এই আয়োজনে দেশের ২৮টি দল ও সংস্থার ৪৫০ জন খেলোয়াড় ৩৪টি শ্রেণিতে অংশ নেন।

সিনিয়র পুরুষ বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিনিয়র নারী বিভাগে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

জুনিয়র পুরুষ বিভাগে শিরোপা জিতেছে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা। জুনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মিরপুর ডিওএইচএস তায়কোয়ানডো ক্লাব।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় :