logo

পদকের আশা জাগিয়েও হতাশ করলেন ইমরানুর

পদকের আশা জাগিয়েও হতাশ করলেন ইমরানুর
ইমরানুর রহমান। ছবি: এশিয়ান গেমস

এশিয়ান গেমসে ১০০ মিটার দৌড়ে ফাইনালের স্বপ্ন পূরণ হলো না ইমরানুর রহমানের। সেমিফাইনালে নিজের হিটে সপ্তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। নিজের পারফরম্যান্সে হতাশ ইমরানুরও মানছেন, প্রত্যাশার কাছাকাছিও যেতে পারেননি তিনি।

শুক্রবার পুরুষদের ১০০ মিটার সেমিফাইনালের প্রথম হিটে ৮ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। ১০.৪৪ সেকেন্ডে দৌড় শেষ করে আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। এর আগে বাছাইপর্বে তার সময় ছিল ১০.৪৯ সেকেন্ড। সেমিফাইনালে সময় কিছুটা কমালেও ফাইনালের টিকিট মেলেনি।

বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে ইমরানুর লিখেছেন, ‘আপনার মতো আমিও এশিয়ান গেমসের পারফরম্যান্সে হতাশ। সেমিফাইনালে বাদ পড়ে গেলাম। মোটেও যথেষ্ট মানসম্মত পারফরম্যান্স দেখাতে পারিনি, এমনকি আমার ভালো পারফরম্যান্সগুলোর কাছাকাছিও ছিল না।’

তবে এই ব্যর্থতা নিয়েই পড়ে থাকতে চান না তিনি। সামনে এগিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন, ‘কখনো কখনো এমনটা হয়েই যায়। এখন শুধু এটা কাটিয়ে উঠে কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, তা খুঁজে বের করতে হবে।’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ইমরানুর। লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা আর সমর্থন সবসময়ই আমার নজর কাড়ে। কোনো কিছুই নজর এড়ায় না।’

একই ইভেন্টে নজর কেড়েছেন থাইল্যান্ডের পুরিপোল বুনসন। সেমিফাইনালে ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে নতুন এশিয়ান গেমস রেকর্ড গড়েছেন তিনি। ২০১৮ সালে চীনের সু বিংতিয়ানের গড়া ৯.৯২ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন এই থাই স্প্রিন্টার।