ফিফার নতুন নিয়ম, ফাইনালের সহজ পথে আর্জেন্টিনাসহ ৪ দল

এশিয়া পোস্ট ডেস্ক
ফিফার নতুন নিয়ম, ফাইনালের সহজ পথে আর্জেন্টিনাসহ ৪ দল
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে শীর্ষস্থানীয় দেশগুলোকে যতটা সম্ভব লম্বা সময় টিকিয়ে রাখতে একটি নিয়ম তৈরি করে ফিফা। ২০২৫ সালের নভেম্বরে উন্মোচিত এই নতুন নিয়মে নিশ্চিত করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের আগে শীর্ষ চার বাছাই দেশ কোনোভাবেই একে অপরের মুখোমুখি হবে না।

বাছাইয়ের সেই সূচি অনুযায়ী, তখন ফিফা র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল হিসেবে ছিল স্পেন এবং দুই নম্বরে ছিল আর্জেন্টিনা। নিয়ম মেনে ফুটবলের এই দুই পরাশক্তিকে ড্রয়ের আলাদা দুই অর্ধে গ্রুপগুলোতে বণ্টন করা হয়েছিল।

তখন শীর্ষ চারে থাকা বাকি দুই দল তৃতীয় ফ্রান্স ও চতুর্থ ইংল্যান্ডকেও একইভাবে ড্রয়ের বিপরীত দুই পাশে রাখা হয়েছিল। যার অর্থ হলো, সেমিফাইনালের আগে ইংল্যান্ডের সামনে স্পেন বা আর্জেন্টিনা পড়ার কোনো সুযোগ ছিল না, আর ফ্রান্সের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা ছিল কেবল ফাইনালে।

তবে এই পুরো সমীকরণটি নির্ভর করছিল গ্রুপ পর্বের ফলাফলের ওপর—শীর্ষ চার দেশের প্রত্যেকেই নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হলেই কেবল এই সমীকরণ মেলা সম্ভব ছিল।

মাঠের লড়াইয়ে ঠিক তেমনটাই ঘটেছে। চার পরাশক্তিই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে, যেখানে তারা একে অপরের মুখোমুখি না হয়ে লড়ছে ভিন্ন চার প্রতিপক্ষের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালের লাইনআপটি দাঁড়িয়েছে এমন—স্পেন বনাম বেলজিয়াম, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, ফ্রান্স বনাম মরক্কো এবং ইংল্যান্ড বনাম নরওয়ে।

ফিফার এই নিয়ম অনুযায়ী, ড্রয়ের সময় যখন দুটি দলকে এভাবে আলাদা জোড়ায় ভাগ করা হয়, তখন ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ থাকে না।

একই পদ্ধতি উইম্বলডন টেনিস এবং চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটেও ব্যবহার করা হয়ে থাকে। গত গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপেও একই র‍্যাঙ্কিং পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। যেখানে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। নকআউটের শুরুর রাউন্ডগুলোতেই যেন শীর্ষ বা পরাশক্তি দেশগুলো একে অপরের মুখোমুখি হয়ে বাদ না পড়ে, এটাই ছিল ফিফার উদ্দেশ্য।

৯ জুলাই শুরু হওয়া কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোতে ওপরে উল্লিখিত শীর্ষ চার দলই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফেবারিট হিসেবে মাঠে নামবে। তারা যদি নিজ নিজ ম্যাচে জিতে যায়, তবে সেমিফাইনালে দুই পরাশক্তি দেশের মধ্যকার দুটি উত্তেজনাকর লড়াই দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। ম্যাচ দুটি হবে স্পেন বনাম ফ্রান্স এবং আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড।