দর্শকের চোখে বল লাগায় সেমিফাইনাল থেকে বহিষ্কার মেদভেদেভ

গ্যালারিতে মারা বল দর্শকের চোখে লাগায় চায়না ওপেনের সেমিফাইনাল থেকে বহিষ্কৃত হয়েছেন দানিল মেদভেদেভ। সোমবার (৫ অক্টোবর) বেইজিংয়ে নোভাক জোকোভিচের বিপক্ষে ম্যাচে এই ঘটনা ঘটে। এতে ফাইনালে উঠে গেছেন সার্বিয়ান তারকা।
ঘটনার সময় প্রথম সেট ৭-৫ গেমে জিতে দ্বিতীয় সেটে ৫-৩ ব্যবধানে এগিয়ে ছিলেন জোকোভিচ। ম্যাচ জেতার জন্য সার্ভ করছিলেন তিনি। তার একটি শটে পয়েন্ট হারানোর পর বিজ্ঞাপনের বোর্ডে লেগে ফিরে আসা বল র্যাকেট দিয়ে গ্যালারির দিকে মারেন মেদভেদেভ। সেটি প্রথম সারিতে বসা এক দর্শকের বাঁ চোখে লাগে।
আহত দর্শক চোখ চেপে ধরে বসেছিলেন। পরে কর্মীরা তাকে গ্যালারি থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন। চেয়ার আম্পায়ার ও টুর্নামেন্ট সুপারভাইজার কোর্টে নেমে মেদভেদেভের সঙ্গে কথা বলেন। বহিষ্কারের সিদ্ধান্তের পর জোকোভিচের সঙ্গে হাত মিলিয়ে কোর্ট ছাড়েন রুশ তারকা।
ঘটনায় হতবাক জোকোভিচ বলেন, ‘সত্যি বলতে, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আশা করি, ওই ব্যক্তি গুরুতর আঘাত পাননি।’ মেদভেদেভের জন্যও খারাপ লাগার কথা জানান তিনি। তার বিশ্বাস, ইচ্ছা করে দর্শককে আঘাত করতে চাননি মেদভেদেভ। বড় ম্যাচ থেকে বহিষ্কৃত হওয়ার অনুভূতি নিজেরও জানা বলে মন্তব্য করেন জোকোভিচ।
২০২০ ইউএস ওপেনে একই ধরনের ঘটনায় বহিষ্কৃত হয়েছিলেন জোকোভিচ। তার মারা বল এক লাইন বিচারকের গলায় লেগেছিল।
মঙ্গলবার ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। অন্য সেমিফাইনালে ডি মিনাউর ৬-৪, ৩-২ গেমে এগিয়ে থাকা অবস্থায় চোটের কারণে সরে দাঁড়ান পোল্যান্ডের হুবার্ট হুরকাচ।
