logo
Advertisement

রুশ হামলায় ইউক্রেনীয় টেনিস তারকার ফ্ল্যাট ধ্বংস

রুশ হামলায় ইউক্রেনীয় টেনিস তারকার ফ্ল্যাট ধ্বংস
দায়ানা ইয়াস্ত্রেমস্কা। ছবি: দ্য অ্যাথলেটিক

ওদেসায় রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনীয় টেনিস তারকা দায়ানা ইয়াস্ত্রেমস্কার পরিবারের ফ্ল্যাট। শনিবার ধ্বংসের ছবি প্রকাশ করে এ খবর জানিয়েছেন তিনি। একই সঙ্গে রুশ খেলোয়াড়দের নিরপেক্ষ পরিচয়ে খেলতে দেওয়ার নীতি নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক টেনিসের দুই সংস্থা ডব্লিউটিএ ও আইটিএফের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ইয়াস্ত্রেমস্কা।

২৬ বছর বয়সী এই খেলোয়াড় শনিবার (১২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে হামলার পরের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে আগুনে জ্বলতে থাকা ভবন ও ধ্বংসের চিত্র দেখা যায়। ইয়াস্ত্রেমস্কার ভাষ্য, তার পরিবারের ফ্ল্যাট থাকা ভবনটিতে রাশিয়ার একটি কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে।

ফ্ল্যাট থেকে অবশিষ্ট থাকা রোলাঁ গারোর তোয়ালের ছবি দিয়ে ইয়াস্ত্রেমস্কা লিখেছেন, ‘টেনিস দুনিয়ার একটি টুকরো রুশ ক্ষেপণাস্ত্র থেকে বেঁচে গেল। আমাদের ঘর বাঁচল না।’ ফ্রেঞ্চ ওপেনের সেই তোয়ালেটিই হামলার পর টিকে থাকা একমাত্র জিনিস বলে জানিয়েছেন তিনি।

টেনিস তারকার ধ্বংস হয়ে যাওয়া ফ্লাট।
টেনিস তারকার ধ্বংস হয়ে যাওয়া ফ্লাট।

ছবিগুলো প্রকাশ করে নারীদের পেশাদার টেনিসের সংস্থা ডব্লিউটিএ এবং আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে সরাসরি বার্তা দিয়েছেন ইয়াস্ত্রেমস্কা। সংস্থা দুটিকে ইউক্রেনীয়দের চোখ দিয়ে ধ্বংসের দৃশ্য দেখতে বলেছেন তিনি। তার বক্তব্য, ইউক্রেনীয়দের কাছে তাদের নিরপেক্ষতার প্রকৃত অর্থ কী, এই ছবিগুলোতেই তা ফুটে উঠেছে।

আন্তর্জাতিক টেনিসে রুশ খেলোয়াড়েরা নিরপেক্ষ পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই অবস্থানের বিরোধিতা করে আসছেন ইউক্রেনীয় খেলোয়াড়দের অনেকে। রুশ প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ শেষে করমর্দন থেকেও বিরত থাকেন তারা। পরিবারের ফ্ল্যাট ধ্বংস হওয়ার পর সেই বিতর্কই আবার সামনে এনেছেন ইয়াস্ত্রেমস্কা।

রয়টার্সের শনিবারের প্রতিবেদন অনুযায়ী, সেদিন ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ হামলায় ১০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। ওদেসায় আহতের সংখ্যা ছিল প্রায় ৪০। আবাসিক ভবনের পাশাপাশি বিভিন্ন অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে ২০২৪ সালের নববর্ষের রাতেও ইয়াস্ত্রেমস্কার পরিবার যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। ওদেসায় তাঁর দাদি যে ভবনে থাকতেন, সেটিও রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

ওদেসায় জন্ম নেওয়া ইয়াস্ত্রেমস্কা ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে বাছাইপর্ব পেরিয়ে সেমিফাইনালে উঠে আলোচনায় আসেন। ১৯৭৮ সালের পর প্রথম বাছাইপর্বের খেলোয়াড় হিসেবে মেলবোর্নে নারী এককের শেষ চারে জায়গা করে নিয়েছিলেন তিনি। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে একসময় ২১ নম্বরে ওঠা এই খেলোয়াড়ের ক্যারিয়ারে সেটি ছিল প্রথম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল।