ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন আলকারাজ

ফ্রেঞ্চ ওপেনে টানা তৃতীয় শিরোপার স্বপ্ন দেখছিলেন টেনিস সুপারস্টার কার্লোস আলকারাজ। তবে এবার আর এই স্বপ্ন পূরণ হচ্ছে না স্প্যানিশ এই টেনিস তারকার। কবজির চোট শেষ পর্যন্ত ক্লে-কোর্টের গ্রান্ড-স্লাম থেকে ছিটকে দিল আলকারাজকে।
শুক্রবার (২৪ এপ্রিল) নিজের সিদ্ধান্ত জানিয়ে আলকারাজ বলেন, চিকিৎসকদের পরামর্শেই তিনি সতর্ক পথ বেছে নিচ্ছেন। রোম মাস্টার্সের পাশাপাশি রোলাঁ গারোঁ (ফ্রেঞ্চ ওপেন) থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি।
এই মাসের শুরুতে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডেই কবজিতে চোট পান আলকারাজ। শুরুতে বিষয়টি ততটা গুরুতর মনে না হলেও পরে স্ক্যানে সমস্যা জটিল ধরা পড়ে। এরপর একে একে মাদ্রিদ ওপেন এবং রোমের টুর্নামেন্ট থেকেও নাম প্রত্যাহার করেন।
২২ বছর বয়সি এই তারকা বলেন, এখনই ঝুঁকি নেওয়ার সময় নয়। পুরোপুরি সেরে উঠেই কোর্টে ফিরতে চান তিনি। তার ভাষায়, সময়টা কঠিন হলেও তিনি আরও শক্তভাবে ফিরে আসবেন।
চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর ফর্মে ছিলেন আলকারাজ। গত দুই বছর ফ্রেঞ্চ ওপেন জিতে এবার টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে ছিলেন। কিন্তু চোটের কারণে পুরো ক্লে মৌসুমই মিস করতে হচ্ছে তাকে।
এতে করে শিরোপা লড়াইয়ের সমীকরণও বদলে যাচ্ছে। বিশ্বের এক নম্বর জানিক সিনারের সামনে এখন ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূরণের বড় সুযোগ তৈরি হয়েছে। মাদ্রিদ ওপেনে ম্যাচ জয়ের পর আলকারাজের না খেলার খবর পেয়ে সিনার বলেন, এমন ঘটনা টেনিসের জন্যই দুঃখজনক। সেরাদের বিপক্ষে খেলতেই তিনি সবসময় চান এবং আলকারাজ এই কোর্টে সেরাদের একজন। দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশাও জানান তিনি।
আগামী ২৪ মে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের মূল পর্ব। তবে সেখানে বর্তমান চ্যাম্পিয়নকে না পাওয়ায় এবারের আসর শুরু হওয়ার আগেই বড় এক শূন্যতা তৈরি হলো।

