logo

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে থাকছে তারকার ঝলক

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে থাকছে তারকার ঝলক

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ছোট ফরম্যাটের সবচেয়ে বড় আসর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে। ভারতের ম্যাচের আগে আনুষ্ঠানিক পর্দা উঠবে আসরের।  ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচের আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত নিজেদের অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচ শুরুর আগেই ক্রিকেটপ্রেমীদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন, যেখানে সংগীত, নৃত্য ও আলোর ঝলকে শুরু হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও ২০২৪ সালে ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক রোহিত শর্মা। তাদের সঙ্গে থাকবে অংশগ্রহণকারী ২০ দেশের প্রতিনিধিত্বকারী ২০ শিশু। সম্মিলিতভাবেই তারা বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

বিনোদনের অংশে থাকছে বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় দুই তারকা। গায়ক ও র‍্যাপার বাদশাহ লাইভ পারফরম্যান্সে মঞ্চ মাতাবেন, এরপর নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি বড় দল নিয়ে পরিবেশন করবেন নৃত্য পরিবেশনা। শেষ পর্বে এই দুই তারকা একসঙ্গে বিশেষ ফিনালে পারফরম্যান্সে অংশ নেবেন বলে জানা গেছে।

— ICC (@ICC) February 6, 2026

টি-টোয়েন্টির দ্রুত গতির ছন্দের সঙ্গে মিল রেখে পুরো মঞ্চসজ্জা ও কোরিওগ্রাফি সাজানো হয়েছে। মাঠের ভেতরেই তৈরি করা হয়েছে বিশেষ পারফরম্যান্স স্টেজ, যেখানে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো থাকবে কেন্দ্রবিন্দুতে। অনুষ্ঠানের সমাপ্তি হবে চোখধাঁধানো আতশবাজির মাধ্যমে, এরপরই শুরু হবে ভারত–যুক্তরাষ্ট্র ম্যাচ।

স্টেডিয়ামে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন কেবল ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিটধারী দর্শকরা। আয়োজকরা দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছেন, যাতে অনুষ্ঠানের কোনো অংশ মিস না হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি টেলিকাস্ট বা লাইভ স্ট্রিমিংয়েরও ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।