logo
Advertisement
ইউএস ওপেন

জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন শুরুতেই শেষ

এশিয়া পোস্ট স্পোর্টস
জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন শুরুতেই শেষ
২০ বছর পর প্রথম এরকম দিন দেখলেন জোকোভিচ। ছবি: রয়টার্স

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন নিয়ে ইউএস ওপেনে নেমেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু অসুস্থতা ও শারীরিক সমস্যায় ভুগতে থাকা সার্বিয়ান তারকার অভিযান থেমে গেল প্রথম রাউন্ডেই। আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটের লড়াইয়ে হেরে ২০ বছরের মধ্যে গ্র্যান্ড স্লামে নিজের সবচেয়ে দ্রুততম বিদায় দেখলেন তিনি।

Advertisement

রোববার নিউইয়র্কে বিশ্বের ৪৮ নম্বর নাভোনে ৭-৬ (৭-৫), ৫-৭, ৪-৬, ৬-২ ও ৬-১ গেমে হারান জোকোভিচকে। প্রথম সেট জেতার পর পরের দুই সেট হারলেও শেষ দুই সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আর্জেন্টাইন খেলোয়াড়।

এই পরাজয়ে গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে জোকোভিচের টানা ৭৮ ম্যাচ জয়ের ধারাও শেষ হয়েছে। এর আগে ২০০৬ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে পল গোল্ডস্টেইনের কাছে হেরেছিলেন তিনি। এরপর দুই দশক ধরে কোনো গ্র্যান্ড স্লামের প্রথম ম্যাচে হারেননি ২৪টি মেজর শিরোপার মালিক।

ম্যাচের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন জোকোভিচ। তাকে কোর্টে বমি করতে দেখা যায়। শেষদিকে পেশির টানেও ভুগছিলেন। তারপরও চতুর্থ সেটের শুরুতে নাভোনের সার্ভিস ভেঙে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার আভাস দিয়েছিলেন তিনি।

কিন্তু এরপর টানা পাঁচটি গেম জিতে ম্যাচটি পঞ্চম সেটে নিয়ে যান নাভোনে। শেষ সেটের আগে মেডিকেল বিরতি নিয়ে মেরুদণ্ডে ম্যাসাজ ও ওষুধ নেন জোকোভিচ। তাতেও অবস্থার উন্নতি হয়নি।

নির্ধারণী সেটে দ্রুত ৩-০ ব্যবধানে এগিয়ে যান নাভোনে। নিজের সার্ভিসে মাত্র একটি পয়েন্ট হারিয়ে শেষ পর্যন্ত জোকোভিচের ফেরার সব পথ বন্ধ করে দেন তিনি। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় জয় তুলে নেন ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন।