এবার ম্যাচ শেষে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়েরা

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠের বাইরের নানা উত্তাপ। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে দুই দেশের খেলোয়াড়দের করমর্দন এড়িয়ে যাওয়ার ঘটনাও তৈরি করেছে বিতর্ক। তবে হকি বিশ্বকাপের মঞ্চে দেখা গেল ভিন্ন ছবি।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে পুল ‘ডি’র শেষ ম্যাচে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়েছে ভারত। মাঠের লড়াই ছিল তীব্র, তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা হাত মিলিয়ে দেখিয়েছেন খেলোয়াড়সুলভ সৌহার্দ্য।
জাতীয় সংগীতের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে দাঁড়ালেও প্রচলিতভাবে করমর্দন করেননি। এর পরিবর্তে একে অপরের হাত ছুঁয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা জানান তাঁরা। তবে ওয়াগেনার স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার পর ভারত ও পাকিস্তানের খেলোয়াড়েরা ঠিকই করমর্দন করেন।
দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাব সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠেও দেখা গেছে। ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা একাধিক ম্যাচে পরস্পরের সঙ্গে হাত মেলানো থেকে বিরত ছিলেন। হকির খেলোয়াড়দের আচরণ তাই আলাদাভাবে নজর কেড়েছে।
🇮🇳 India and 🇵🇰 Pakistan hockey players shake hands after their World Cup match. 🤝
— Abdul Wasey Naik (@WaseyNaik) August 19, 2026
Sirf cricket mein hi kyun draamebaazi kerte hein phir? pic.twitter.com/nNTc8bo0ak
মাঠের খেলায় শুরু থেকেই দাপট দেখায় ভারত। পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক হরমনপ্রীত সিং গোল করে দলকে এগিয়ে দেন। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অভিষেক।
দ্বিতীয় কোয়ার্টারের ২১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হরমনপ্রীত। পরের মিনিটেই পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন হান্নান শহীদ। ২৪তম মিনিটে অভিষেকের দ্বিতীয় গোলে ভারত ৪-১ ব্যবধানে এগিয়ে যায়। একই মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তানকে আবারও ম্যাচে ফেরান সুফিয়ান খান।
তৃতীয় কোয়ার্টারের ৩৪তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ভারতের পঞ্চম গোলটি করেন হার্দিক সিং। শেষ কোয়ার্টারের শুরুতে হান্নান নিজের দ্বিতীয় গোল করলেও ব্যবধান আর কমাতে পারেনি পাকিস্তান।
এই জয়ে পুল ‘ডি’র দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের পরবর্তী পর্বে উঠেছে ভারত। অন্যদিকে আট বছর পর হকি বিশ্বকাপে ফিরলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে।
মাঠের ফল ভারতের পক্ষে গেলেও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের করমর্দনই ছড়িয়ে দিয়েছে সম্প্রীতির বার্তা।



