logo

হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
হকিতে ইন্দোনেশিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ছবি: বাংলাদেশ হকির ফেসবুক পেজ

এশিয়ান গেমস হকিতে ঘুরে দাঁড়ানোর ধারাটা ধরে রাখল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হারের পর এবার টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছেন লাল-সবুজের হকি খেলোয়াড়রা। শনিবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

জয়ের নায়ক আমিরুল ইসলাম। পেনাল্টি কর্নার থেকে ১১ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর মাঠে নেমেই ব্যবধান বাড়ান আমিরুল। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। ছয় মিনিট পর বাংলাদেশের তৃতীয় গোলটি আসে রাসেল মাহমুদ জিমির স্টিক থেকে। ফিল্ড গোলে লক্ষ্যভেদ করেন দীর্ঘ প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ফাতুর গোল করে ইন্দোনেশিয়ার ব্যবধান কমান। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ৩-১ ব্যবধান ধরে রেখেই টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এশিয়ান গেমসের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল দলটি। এরপর শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে প্রথম জয় পায় বাংলাদেশ। এবার ইন্দোনেশিয়াকে হারিয়ে জয়ের সংখ্যা হলো দুই।

পুল পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ সেপ্টেম্বর। প্রতিপক্ষ শক্তিশালী ভারত।