logo

হ্যান্ডবলে ভারতের কাছে বাংলাদেশের বড় হার

হ্যান্ডবলে ভারতের কাছে বাংলাদেশের বড় হার
ভারত-বাংলাদেশ ম্যাচের দৃশ্য। ছবি: এশিয়া পোস্ট

নেপালের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও ভারতের সামনে লড়াই জমাতে পারল না বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪৭-১৩ গোলে হেরেছে স্বাগতিকেরা। তবে বড় এই হারের পরও ফাইনালে ওঠার সুযোগ আছে বাংলাদেশের। শেষ ম্যাচে মালদ্বীপকে হারালেই মিলবে শিরোপার লড়াইয়ের টিকিট।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় ভারত। প্রতিপক্ষের গতি ও শক্তির সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধেই ২৪-৮ গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পরও ম্যাচের চিত্র বদলায়নি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আর পাঁচটি গোল করতে পারলেও ভারত করে ২৩টি। শেষ পর্যন্ত ৩৪ গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

ভারতের ভাওয়ানা একাই করেন ১৩ গোল, যা বাংলাদেশের পুরো দলের সমান। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল তারা। মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে দলটি।

অন্যদিকে প্রথম ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারানো বাংলাদেশের সামনে এখন মালদ্বীপের বাধা। মঙ্গলবার ওই ম্যাচ জিতলে ফাইনালে আবার ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে স্বাগতিকেরা।

ম্যাচ শেষে বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া দুই দলের প্রস্তুতি ও শারীরিক সক্ষমতার ব্যবধানের কথা তুলে ধরেন। তার মতে, ভারতের মেয়েরা সারা বছর অনুশীলনের সুযোগ পায়। বাংলাদেশের প্রস্তুতির সময় সেখানে অনেক কম।

ফ্রাগুয়া বলেন, ‘বাংলাদেশে আমরা সারা বছর অনুশীলন করছি না, বছরে মাত্র ৩ মাসের মতো।’

ভারতের খেলোয়াড়দের শক্তি ও গতির কারণে আক্রমণ এবং রক্ষণ, দুই জায়গাতেই বাংলাদেশ সমস্যায় পড়েছে বলে মনে করেন তিনি। তবে এই হার পেছনে ফেলে পরের ম্যাচে মনোযোগ দিতে চান কোচ। মালদ্বীপকে হালকাভাবে না নিয়ে নিজেদের সেরা খেলাটা দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

চার দলের এই প্রতিযোগিতার লিগ পর্ব শেষ হবে ২০ অক্টোবর। আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।