logo

মন্টে কার্লো শিরোপার সঙ্গে র‌্যাংকিং শীর্ষস্থানও ফেরত পেলেন সিনার

মন্টে কার্লো শিরোপার সঙ্গে র‌্যাংকিং শীর্ষস্থানও ফেরত পেলেন সিনার

জান্নিক সিনারের দুর্দান্ত সময় যেন থামছেই না। এবার মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করলেন ইতালির এই তারকা।

রোববারের ফাইনালে সরাসরি দুই সেটে ৭-৬ (৫), ৬-৩ গেমে জিতেছেন সিনার। এই জয়ের মধ্য দিয়ে শুধু শিরোপাই নয়, আবারও এটিপি র‌্যাংকিয়ের এক নম্বর স্থানও ফিরে পেয়েছেন তিনি।

এই শিরোপা সিনারের জন্য বিশেষ। ক্যারিয়ারে এটিই তার প্রথম বড় ক্লে কোর্ট মাস্টার্স শিরোপা। একই সঙ্গে চলতি মৌসুমে তার ধারাবাহিক সাফল্যের আরেকটি বড় প্রমাণ এটি।

ফাইনালটি শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম সেটে দুই খেলোয়াড়ই একে অপরকে চাপে রাখেন। বাতাসের কারণে কন্ডিশন কিছুটা কঠিন হয়ে উঠেছিল, তবুও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন দুজনই। শেষ পর্যন্ত টাইব্রেকে গড়ানো সেটটি জিতে এগিয়ে যান সিনার।

দ্বিতীয় সেটে শুরুটা ভালো করেছিলেন আলকারাজ। এগিয়েও গিয়েছিলেন একসময়। তবে সেখান থেকেই ম্যাচে দারুণভাবে ফিরে আসেন সিনার। টানা কয়েকটি গেম জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো ভুল করেননি ইতালিয়ান এই তারকা। নির্ভুল সার্ভিস ধরে রেখে শিরোপা নিশ্চিত করেন এবং ম্যাচ শেষে প্রতিপক্ষকে আলিঙ্গন করে উদযাপন করেন জয়।

এই জয়ের মাধ্যমে সিনার একটি বিরল কীর্তিও গড়েছেন। একই মৌসুমে ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি এবং মন্টে কার্লো জেতা খুব কম খেলোয়াড়ই পেরেছেন। এর আগে এমন সাফল্য ছিল কেবল নোভাক জোকোভিচের নামের পাশে।

অন্যদিকে আলকারাজ ম্যাচ শেষে স্বীকার করেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তিনি নিজের সুযোগ কাজে লাগাতে পারেননি। তার মতে, ম্যাচে ফেরার সুযোগ থাকলেও সেটিকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি।