সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, ক্ষমা চাইল অ্যাডিডাস

অঙ্গহানির শিকার মানুষের জন্য চালু করা সেবার বিজ্ঞাপনে ছিলেন এক সাবেক ইসরায়েলি সেনা। গাজায় হাজার হাজার মানুষের অঙ্গহানির মধ্যে তাকে বেছে নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস। সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বয়কটের ডাক ছড়িয়ে পড়ার পর এবার ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দেওয়া বিবৃতিতে অ্যাডিডাস স্বীকার করেছে, স্থানীয় পর্যায়ের একটি প্রচারণায় ব্যবহৃত ছবি উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, ‘কাউকে আঘাত দেওয়া কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। এতে যারা কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’
বিতর্কের কেন্দ্রে থাকা সাবেক সেনার নাম শালেভ বিটন। ২০২১ সালে ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় আহত হওয়ার পর তার বাঁ পা কেটে ফেলতে হয়। পুনর্বাসন শেষে এখন কৃত্রিম পা নিয়ে দৌড়ান তিনি। অ্যাডিডাসের ‘সিঙ্গেল শু’ সেবার প্রচারে ইসরায়েলের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে প্রদর্শিত পোস্টারে বিটনসহ শারীরিক প্রতিবন্ধী ১১ জন ক্রীড়াবিদকে রাখা হয়।
এই সেবায় যাদের একটি জুতা প্রয়োজন, তাদের পুরো জোড়া কিনতে বাধ্য করা হয়না। জোড়ার অর্ধেক দামে প্রয়োজনীয় একটি জুতা কেনা যায়। অ্যাডিডাসের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১৯ জানুয়ারি ইউরোপের ২৩টি দেশে সেবাটি চালু হয়। প্যারালিম্পিকসজিবিসহ সংশ্লিষ্ট সংগঠন ও ব্যবহারকারীদের পরামর্শ নিয়ে এটি তৈরি করা হয়েছে।
ফিলিস্তিনপন্থী অধিকারকর্মীদের আপত্তি, গাজায় ইসরায়েলি হামলায় বিপুলসংখ্যক মানুষ হাত-পা হারিয়েছেন। এমন পরিস্থিতিতে অঙ্গহানির শিকার ব্যক্তিদের জন্য চালু করা সেবার প্রচারে সাবেক ইসরায়েলি সেনাকে বেছে নেওয়া তাদের যন্ত্রণার প্রতি অসংবেদনশীলতার প্রকাশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব উল্লেখ করে আনাদোলু জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর গাজায় পাঁচ হাজারের বেশি অঙ্গচ্ছেদের ঘটনা ঘটেছে। বিজ্ঞাপনটির বিরোধিতা করে অ্যাডিডাসের পণ্য বয়কটের আহ্বান জানানো ব্যক্তিদের মধ্যে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমও রয়েছেন।
অ্যাডিডাসের ব্যাখ্যা, বিতর্কিত পোস্টারগুলো শুধু ইসরায়েলে স্থানীয় প্রচারণায় ব্যবহৃত হয়েছে; সেগুলো বৈশ্বিক বিজ্ঞাপনের অংশ ছিল না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি জুতা কেনার সেবাটি ফিলিস্তিনসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাজারে সম্প্রসারিত হচ্ছে। মানুষের প্রতিক্রিয়া শুনে নিজেদের কার্যক্রমে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার অঙ্গীকারও করেছে তারা।
ইসরায়েল-ফিলিস্তিন প্রসঙ্গে বিজ্ঞাপন নিয়ে এর আগেও বিতর্কে পড়েছিল অ্যাডিডাস। ২০২৪ সালের জুলাইয়ে ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকসের সঙ্গে সম্পর্কিত একটি জুতার বিজ্ঞাপন থেকে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন মডেল বেলা হাদিদকে সরিয়ে সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। পরে হাদিদসহ ওই প্রচারণার অংশীদারদের কাছেও ক্ষমা চেয়েছিল অ্যাডিডাস।


