বিদায়ের পরও সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ থেকে হতাশ করে বিদায় নেওয়া ব্রাজিলের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ছয় নম্বর থেকে তারা উঠে এসেছে পাঁচে। সেলেসাওদের বর্তমান পয়েন্ট ১৮০৪.৯২।
অন্যদিকে ফ্রান্সের কাছে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানোর পর এবার আরও এক ধাপ অবনমন হয়েছে আর্জেন্টিনার। স্পেন কোয়ার্টারে বেলজিয়ামকে হারানোয় স্পেন উঠেছে দুই নম্বরে। এতে আর্জেন্টিনার এক ধাপ অবনমন হয়ে নেমেছে তিন নম্বরে। তাদের পয়েন্ট ১৯২৫.১৫।
বর্তমান লাইভ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, ফ্রান্সের সংগ্রহ ১৯৪৮.৯৭ পয়েন্ট। দুইয়ে থাকা স্পেনের পয়েন্ট ১৯৩৪.৭৯। তিনে নেমে যাওয়া আর্জেন্টিনার পয়েন্ট ১৯২৫.১৫। এই তিন দলই ১৯০০+ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে রয়েছে। এরপর ১৮৭১.৩৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান চারে।
বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে এই র্যাঙ্কিং হালনাগাদ হচ্ছে। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই অবস্থান আবারও পরিবর্তিত হতে পারে। কারণ শীর্ষ তিন দলই এখনও শিরোপার দৌড়ে রয়েছে।
গত ৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে নরওয়ের হয়ে দুটি গোলই করেন আর্লিং হলান্ড। শেষ দিকে একটি পেনাল্টি পায় ব্রাজিল। প্রথম পেনাল্টির সুযোগ নিতে না পারলেও দ্বিতীয় পেনাল্টি কাজে লাগান নেইমার।
এর মধ্য দিয়ে ১৯৯০ সালের পর এই প্রথম কোয়ার্টারের আগে বাদ পড়ল ব্রাজিল। অন্যদিকে ২৮ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে।




