Advertisement

ক্রিকেটের কিংবদন্তি গ্যারি সোবার্স আর নেই

এশিয়া পোস্ট স্পোর্টস
ক্রিকেটের কিংবদন্তি গ্যারি সোবার্স আর নেই
গ্যারি সোবার্স। ছবি : সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই। শুক্রবার ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৯০তম জন্মদিনের মাত্র ১১ দিন আগে চলে গেলেন তিনি।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, ক্রিকেটের তিন বিভাগেই অসাধারণ দক্ষতার কারণে সোবার্সকে সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটারদের একজন বিবেচনা করা হয়। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস, বাঁহাতি অর্থোডক্স এবং রিস্ট স্পিনও করতে পারতেন তিনি।

১৯৫৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল সোবার্সের। দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৯৩টি টেস্ট। ৫৭.৭৮ গড়ে তার সংগ্রহ ৮ হাজার ৩২ রান। করেছেন ২৬টি শতক ও ৩০টি অর্ধশতক। বল হাতে নিয়েছেন ২৩৫ উইকেট। ফিল্ডার হিসেবে ধরেছেন ১০৯টি ক্যাচ।

মাত্র ২১ বছর বয়সে ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন সোবার্স। সেটিই ছিল তার প্রথম টেস্ট শতক। সেই ইনিংস দিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। রেকর্ডটি টিকে ছিল ৩৬ বছর। ১৯৯৪ সালে ৩৭৫ রান করে সেটি ভাঙেন আরেক ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা।

সোবার্সের নামের পাশে রয়েছে আরও একটি অবিস্মরণীয় কীর্তি। ১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে গ্ল্যামারগনের বিপক্ষে ম্যালকম ন্যাশের এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারের ছয় বলেই ছক্কা মারা প্রথম ব্যাটার ছিলেন সোবার্স।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮৩ ম্যাচে ২৮ হাজারের বেশি রান করার পাশাপাশি এক হাজারের বেশি উইকেট নিয়েছেন এই কিংবদন্তি। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৫ সালে নাইট উপাধি পান সোবার্স। ১৯৯৮ সালে তাঁকে বার্বাডোসের জাতীয় বীর ঘোষণা করা হয়। আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারটির নামও রাখা হয়েছে তার নামে, স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।