না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান

এশিয়া পোস্ট ডেস্ক
না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন বিরল ও প্রাণঘাতী রোগে ভুগে আফগানিস্তানের ৩৮ বছর বয়সী সাবেক পেসার শাপুর জাদরান মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই দৌলত জাদরান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তা দৌলত জাদরান লেখেন, ‘আমার প্রিয় বন্ধু ও ভাই শাপুর জাদরানের মৃত্যুতে আমি ভেঙে পড়েছি। এই ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় বোর্ড বলেছে, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা আফগানিস্তানের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছি।’

জানা গেছে, শাপুর জাদরান দীর্ঘদিন ধরে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস নামের একটি জটিল রোগে ভুগছিলেন। গত বছরের অক্টোবরে অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েক মাস ধরে ভারতের দিল্লি-এনসিআর অঞ্চলের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত বছরের অক্টোবর মাসে তিনি প্রথম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর আফগানিস্তানের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান।

চিকিৎসকদের মতে, প্রাথমিক চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে প্রায় ২০ দিন পর আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি পুনরায় চিকিৎসাধীন হন।

আফগানিস্তান ক্রিকেটের সেরা পেসারদের একজন ছিলেন শাপুর জাদরান। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের অভিষেক দলে ছিলেন তিনি। ওই আসরে ছয় ম্যাচে ১০ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। ২০১৭ সালে আফগানিস্তান টেস্ট মর্যাদা পেলেও দেশের হয়ে কখনো টেস্ট খেলার সুযোগ হয়নি তার।

দেশের হয়ে ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে শাপুর জাদরান আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার মৃত্যুতে আফগান ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।