আর্জেন্টিনার প্রশংসায় স্পেনের বিশ্বকাপজয়ী কোচ

স্পেনের হাতে ২০১০ সালে আফ্রিকা বিশ্বকাপে প্রথমবার বিশ্বকাপ এনে দেন ভিসেন্তে দেল বস্ক। সেই স্পেন এবার ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী ২০ জুলাই রাত ১টায় তারা আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে।
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে কোচ লুইস দে লা ফুয়েন্তের দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ভিসেন্তে দেল বস্ক। একই সঙ্গে আর্জেন্টিনাকেও প্রশংসা ভাসিয়েছেন তিনি।
লা ত্রিবু অনুষ্ঠানে দেল বস্ক বলেন, ‘আর্জেন্টিনা যা করেছে, তা সত্যিই খুব চিত্তাকর্ষক। তারা যেভাবে এগিয়ে গেছে, জায়গা তৈরি করেছে—সবই ছিল দারুণ। তারা ইংল্যান্ডকে (সেমিফাইনালে) আত্মবিশ্বাসের সঙ্গে হারিয়েছে, যদিও ইংল্যান্ড কিছুটা হতাশ করেছে।’
গ্রুপ এইচ পর্বে তিন এবং নকআউটের চার—মোট সাত ম্যাচে এক গোল হজম করেছে স্পেন। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা সুসময় পার করছে ২০১০ চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্সকে হারিয়ে ফাইনালে পা রেখেছে তারা।
দলটির এমন পারফরম্যান্সের পেছনে লুইস দে লা ফুয়েন্তের অবদান তুলে ধরে দেল বস্ক বলেন, ‘ওরা (স্পেন) খুব ভালো খেলছে এবং আমরা আনন্দিত যে লুইস ও এই খেলোয়াড়রা আমাদের প্রতিনিধিত্ব করছে। তারা অসাধারণ একটি দল এবং মাঠে ও মাঠের বাইরে—দুই জায়গাতেই দারুণ কাজ করছে।’
ফুয়েন্তের অধীনে খুব বেশি জাঁকজমকপূর্ণ ফুটবল না খেললেও স্পেনের পরিকল্পনা বাস্তবায়ন করার পদ্ধতি মুগ্ধ করেছে দেল বস্ককে।
তিনি বলেন, ‘আমাদের খেলার ধরন খুবই সহজ। হয়তো খুব দর্শনীয় নয়, কিন্তু তারা যা করে, তা খুব ভালোভাবে বাস্তবায়ন করে। আমাদের রক্ষণভাগ ভালো, মাঝমাঠও ভালো। সব মিলিয়ে এটি একটি সুসংগঠিত দল।’
স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামালের পারফরম্যান্স নিয়ে দেল বস্ক বলেন, ‘সব ম্যাচে সেরা ছন্দে না থাকলেও এই প্রতিভাবান খেলোয়াড়ের ওপর আস্থা রাখা উচিত। হয়তো এটি (ইংল্যান্ডের বিপক্ষে) ইয়ামালের সেরা ম্যাচ ছিল না, তবে এত অল্প বয়সী ও প্রতিভাবান একজন খেলোয়াড়ের ওপর আমাদের আস্থা রাখতে হবে।’
ফাইনাল উপলক্ষে দে লা ফুয়েন্তেকে কোনো পরামর্শ দিতে চান না সাবেক বিশ্বকাপটজয়ী কোচ দেল বস্ক। বরং স্পেনের বর্তমান কোচের সিদ্ধান্তের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন, ‘আমি দে লা ফুয়েন্তেকে কোনো পরামর্শ দিই না। তিনি যেটিকে সবচেয়ে ভালো মনে করেন, সেটিই করা উচিত। আর তিনি সব সময় আমার মধ্যে এমন একজনকে পাবেন, যে তাকে বোঝে।’
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের ওপর চাপ কমানোর অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন সাবেক এই কোচ। তিনি জানান, বিশ্বকাপের সময় ফাইনালের আগে তিনি খেলোয়াড়দের বোঝানোর চেষ্টা করেছিলেন যে এটি শুধুই একটি ফুটবল ম্যাচ।
দেল বস্ক বলেন, ‘আমি পুরো বিশ্বাস থেকেই বলেছিলাম, এটি কেবল একটি ম্যাচ। আমরা কোনো সৈনিক নই, আমরা ফুটবলার, যারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছি।’
.png)






