প্রধানমন্ত্রীকে দেয়া মেসির অটোগ্রাফ সম্বলিত জার্সি জাতীয় জাদুঘরে

এশিয়া পোস্ট স্পোর্টস
প্রধানমন্ত্রীকে দেয়া মেসির অটোগ্রাফ সম্বলিত জার্সি জাতীয় জাদুঘরে
জাতীয় জাদুঘরের লবিতে শোভা পাচ্ছে লিওনেল মেসির অটোগ্রাফ সম্বলিত জার্সি। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে সারা বিশ্বে ফুটবল ভক্তদের উন্মাদনার শেষ নেই। সেই লিওনেল মেসির অটোগ্রাফ সম্বলিত জার্সি এখন দেশের জাতীয় জাদুঘরে শোভা পাচ্ছে। জাদুঘরের লবিতে রেখে দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। আর এর পিছনে যার অবদান তিনি আর কেউ নন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিওনেল মেসির অটোগ্রাফ সংবলিত জার্সি উপহার পেয়ে, তা নিজের কাছে না রেখে সাধারণ দর্শকদের দেখার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর জাতীয় জাদুঘরে রাখা সেই জার্সি দেখতে ভিড় করেছেন আর্জেন্টাইন ও লিওনেল মেসির সমর্থকরা।

কোনো দলের জার্সি তার প্রতি ভালোবাসা, সম্মান আর আত্মমর্যাদার প্রতীক। বাংলাদেশের সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে এই সম্মানে শীর্ষে আর্জেন্টিনা। প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পেয়েছেন আর্জেন্টিনার তিন তারকার অটোগ্রাফ সংবলিত অরিজিনাল জার্সি। সেই আনন্দ আকাশি নীল ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন প্রধানমন্ত্রী।

ফুটবলপ্রেমীরা যাতে সরাসরি মেসিদের জার্সি দেখতে পারেন, তাই জাতীয় জাদুঘরে তা উপহার হিসেবে দিয়েছেন তিনি। যা জাদুঘরের নিচতলার লবিতে সবার জন্য উন্মুক্ত। আর তা দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ফুটবলপ্রেমীরা।

জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল গণমাধ্যমকে জানান, বিশ্বকাপ পর্যন্ত লবিতেই মেসিদের জার্সির প্রদর্শনী চলবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে গ্যালারিতে কোথায় রাখা হবে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের নিদর্শন।