মিরাজের নেতৃত্বে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা

এশিয়া পোস্ট স্পোর্টস
মিরাজের নেতৃত্বে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত।

Advertisement

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বিসিবি। দলে আছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পেস আক্রমণে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। টেস্ট ম্যাচটি চলবে ২ জুলাই পর্যন্ত।

ওয়ানডে সিরিজও হবে হারারে স্পোর্টস ক্লাবে। প্রথম ওয়ানডে ৬ জুলাই, দ্বিতীয় ওয়ানডে ৯ জুলাই এবং তৃতীয় ওয়ানডে ১১ জুলাই। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।

এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। প্রথম টি-টোয়েন্টি ১৫ জুলাই, দ্বিতীয়টি ১৭ জুলাই এবং তৃতীয়টি ১৯ জুলাই। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে।

বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।