logo
Advertisement

ইংল্যান্ডে হাসানের সাত শিকারে কেন্টের বড় জয়

ইংল্যান্ডে হাসানের সাত শিকারে কেন্টের বড় জয়
কেন্টের জার্সিতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন হাসান। ছবি: কাউন্টি ক্রিকেট

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। উস্টারশায়ারের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে কেন্টের ৮৪ রানের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।

Advertisement

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে শনিবার চতুর্থ ও শেষ দিনে জয় নিশ্চিত করে কেন্ট। ম্যাচে প্রথম ইনিংসে ৬৮ রানে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রানে আরও তিন উইকেট নেন হাসান। সব মিলিয়ে ৩৮ ওভারে ১১৯ রান খরচায় সাত শিকার বাংলাদেশি পেসারের।

প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয়েছিল কেন্ট। জবাবে উস্টারশায়ারকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে ২১ রানের লিড নেয় স্বাগতিকরা। সেই ইনিংসে হাসান ছিলেন কেন্টের সবচেয়ে সফল বোলারদের একজন। প্রথম দিনের শেষ দিকে টানা দুই বলে দুই উইকেট নিয়ে প্রতিপক্ষকে বড় ধাক্কা দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার ছিল ১৮ ওভারে ৬৮ রানে ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আরও শক্ত অবস্থান তৈরি করে কেন্ট। স্যাম নর্থইস্টের ১৩২ রানের ইনিংসে ৩৫৮ রান তোলে তারা। জ্যাক ক্রলি করেন ৫৪, ড্যানিয়েল বেল-ড্রামন্ড ৪৪ ও ক্রিস বেঞ্জামিন ৩৬ রান। ফলে উস্টারশায়ারের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৮০ রান।

লক্ষ্য তাড়ায় ৩৯ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে উস্টারশায়ার। এরপর অ্যাডাম হোস ও অধিনায়ক ব্রেট ডি'অলিভেইরা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের জুটি ভাঙেন হাসান। ৩৮ রান করা হোসকে এলবিডব্লিউ করে ফেরান বাংলাদেশি পেসার।

এরপর হেনরি কালেনকে ৪৫ রানে ফিরিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন হাসান। নিজের তৃতীয় উইকেট হিসেবে বেন অ্যালিসনকেও এলবিডব্লিউ করেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৫১ রানে তিন উইকেট নিয়ে কেন্টের জয় নিশ্চিত করার পথ সহজ করে দেন ২৬ বছর বয়সী এই পেসার।

উস্টারশায়ারের হয়ে এক প্রান্ত আগলে লড়াই করেন ডি'অলিভেইরা। ২২১ বলে ১২ চারে ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। কিন্তু তাকে প্রয়োজনীয় সঙ্গ দিতে পারেননি অন্যরা। শেষ পাঁচ উইকেট মাত্র ৩০ রানের মধ্যে হারিয়ে ২৯৫ রানে অলআউট হয় উস্টারশায়ার। হাসানের পাশাপাশি কিথ ডাজন ও ম্যাট মিলনেসও তিনটি করে উইকেট নেন।

এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে এটি হাসানের তৃতীয় ম্যাচ। প্রথম দফায় দুই ম্যাচে ১২ উইকেট নেওয়ার পর সেপ্টেম্বরে আবার তাকে দলে ফেরায় কেন্ট। উস্টারশায়ারের বিপক্ষে সাত উইকেট যোগ করে তিন ম্যাচে তার উইকেটসংখ্যা এখন ১৯, গড় ১৮.৩১। এর আগে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারসেরা বোলিং করেছিলেন তিনি।

এই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন্ট। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১৭০ পয়েন্ট। সমান ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডারহাম। বাকি তিন ম্যাচে তাই প্রথম বিভাগে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে হাসানের কেন্ট।

বিষয় :