আইসিসির মাসসেরার দৌড়ে দুই বাংলাদেশি

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকার পুরস্কার পেলেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। মে মাসের আইসিসি পুরুষ মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। তাদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি।
বুধবার মে মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের মনোনীতদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পুরুষ বিভাগে তিনজনের মধ্যে দুজনই বাংলাদেশের হওয়ায় স্বাভাবিকভাবেই আলাদা গুরুত্ব পাচ্ছে এই তালিকা।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে বল হাতে ধারাবাহিক ছিলেন তাইজুল। বাংলাদেশ সিরিজটি জিতেছিল ২-০ ব্যবধানে। সেই সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বাঁহাতি এই স্পিনার। ১৩ উইকেট নিয়েছেন ১৯.৬১ গড়ে। সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৬ উইকেট ছিল তাঁর সেরা বোলিং।
তাইজুলের বোলিং পাকিস্তান ব্যাটিং লাইনআপকে বারবার চাপে ফেলেছে। ঘরের মাঠে স্পিনের পরিচিত শক্তিকে কাজে লাগিয়ে তিনি শুধু উইকেটই নেননি, ম্যাচের নিয়ন্ত্রণও বাংলাদেশের দিকে টেনে এনেছেন। সেই ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবেই আইসিসির মাসসেরার দৌড়ে উঠেছে তার নাম।
ব্যাট হাতে সিরিজের সবচেয়ে বড় মুখ ছিলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হয়েছিলেন তিনি। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, সিরিজে ২৫৩ রান করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ১৩৭ রান। তার অভিজ্ঞতা ও ধৈর্য বাংলাদেশের সিরিজ জয়ের ভিত গড়ে দেয়।
মুশফিকের মনোনয়ন তাই শুধু রানসংখ্যার কারণে নয়; ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাট করার মূল্যও এখানে বড়। পাকিস্তানের বিপক্ষে চাপের মুহূর্তে তার ইনিংসগুলো বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছে, পরে এগিয়েও দিয়েছে।
বাংলাদেশের দুই ক্রিকেটারের সঙ্গে পুরুষ বিভাগে আছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ ব্যাট-বলে দারুণ মে মাস কাটিয়েছেন তিনি। কীর্তিপুরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে মাস শুরু করেন এই অলরাউন্ডার। ছয় ওয়ানডেতে ২৪৯ রান করেছেন ৪৯.৮০ গড়ে ও ১১০.৬৬ স্ট্রাইক রেটে। বল হাতে নিয়েছেন ৮ উইকেট, সেরা বোলিং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৪ রানে ৪ উইকেট।
নারী বিভাগে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের গুল ফিরোজা, ইংল্যান্ডের লরেন বেল ও নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন। গুল ফিরোজা জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাট করেছেন। তিন ম্যাচে তাঁর রান ৫০, ১০০ ও অপরাজিত ১০৬। সিরিজসেরা হয়েছিলেন তিনি। চার টি-টোয়েন্টিতে ১৫৭.৬৯ স্ট্রাইক রেটে করেন ৮২ রান।
লরেন বেল নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বল হাতে ধারাবাহিক ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। দুই ওয়ানডেতে ৫ উইকেটের সঙ্গে চার টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮ উইকেট।
নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিরিজসেরা হন। চেস্টার-লি-স্ট্রিটে প্রথম ম্যাচে তার ৮৮ রানের ইনিংস ছিল উল্লেখযোগ্য। ওয়ানডে সিরিজে ১২৫ রান করার পাশাপাশি তিন টি-টোয়েন্টিতে করেন ৯৩ রান, যার মধ্যে ছিল অপরাজিত ৫৬ রানের ইনিংস।
আইসিসির মাসসেরা নির্বাচনে ভোট দেন আইসিসি ভোটিং একাডেমি ও সমর্থকেরা। ভোটিং একাডেমির ভোটের মূল্য ৯০ শতাংশ, আর আইসিসির ওয়েবসাইটে নিবন্ধিত সমর্থকদের ভোটের মূল্য ১০ শতাংশ। প্রতি মাসের পারফরম্যান্সের ভিত্তিতে পুরুষ ও নারী বিভাগে তিনজন করে মনোনীত হন। বিজয়ীর নাম ঘোষণা করা হয় মাসের দ্বিতীয় সপ্তাহে।
.png)


