রিশাদ-আলিসের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের সহজ জয়

রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ১৮২ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’। সেই সঙ্গে তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজও ১-০ ব্যবধানে জিতেছে তাওহীদ হৃদয়ের দল।
পচেফস্ট্রুমে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। ৮৯ রানের মধ্যেই তাদের ৬ ব্যাটার ফিরে যান।
সেখান থেকে দক্ষিণ আফ্রিকাকে কিছুটা টেনে তোলেন অধিনায়ক মার্কেস অ্যাকারম্যান ও ইমরান মানেক। অ্যাকারম্যান ৬৭ বলে ৫৪ রান করেন, আর মানেকের ব্যাট থেকে আসে ৫৩ বলে ৪৩। শেষ পর্যন্ত ১৮২ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।
বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে সফল রিশাদ। ১০ ওভারে ৪৫ রান দিয়ে নেন ৪ উইকেট। আলিস ১০ ওভারে ৩৫ রান দিয়ে শিকার করেন ৩টি। বাকি তিন উইকেট ভাগাভাগি করেন মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও সাইফ হাসান।
১৮৩ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে শক্ত ভিত এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম। উদ্বোধনী জুটিতে আসে ৯২ রান।
৫৩ বলে ৬১ রান করে সাইফ ফিরলে ভাঙে জুটি। এরপর নাঈমও তুলে নেন ফিফটি। ৭৭ বলে ৬০ রান করে ফেরেন তিনি।
দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হলেও লক্ষ্য নাগালের বাইরে যেতে দেয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা।
এই জয়ে বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে সিরিজটিও নিজেদের করে নেয় বাংলাদেশ ‘এ’। প্রথম ম্যাচে ১১ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ৪৭ রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। দ্বিতীয় ম্যাচটি আবার ভেজা আউটফিল্ডের কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়।
এর আগে দুই ম্যাচের চার দিনের সিরিজে অবশ্য এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ৪১৩ রানে। দ্বিতীয় ম্যাচে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩৫০ রানের ঐতিহাসিক ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ড্র করে বাংলাদেশ। ফলে সেই সিরিজটি ১-০ ব্যবধানে জেতে স্বাগতিকেরা।


