ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ায় হার দিয়ে শুরু জ্যোতিদের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ওয়ানডে খেলতে নেমে ব্যাটিংয়ে হতাশ করল বাংলাদেশের মেয়েরা। সেই হতাশার মধ্যেও কিছুটা আশা দেখিয়েছেন অভিষিক্ত পেসার হাবিবা ইসলাম। প্রথম ম্যাচেই দুটি উইকেট নিয়েছেন তিনি। কিন্তু মাত্র ১৬৬ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে প্রতিরোধ গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য মাত্র ২৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম বলেই আউট হন ফারজানা হক। তৃতীয় ওভারে ফেরেন শারমিন সুলতানাও। এরপর শারমিন আক্তার ও সোবহানা মোস্তারিও ফিরে গেলে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
সেখান থেকে অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তার ইনিংস সামলানোর চেষ্টা করলেও রান তোলার গতি বাড়াতে পারেননি। নিগার ৮৬ বলে ২৯ এবং স্বর্ণা ৫০ বলে ২১ রান করেন। ৩৩তম ওভারে স্বর্ণা ফেরার সময় বাংলাদেশের সংগ্রহ মাত্র ১০৩ রান।
শেষ দিকে ঋতু মনির ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ।৬৩ বলে পাঁচটি চারে দলের সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি। নাহিদা আক্তার অপরাজিত থাকেন ১৯ রানে। ৪৯.৪ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল অ্যানাবেল সাদারল্যান্ড। ৯.৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
জবাবে অস্ট্রেলিয়াকে শুরুতে কিছুটা চাপে রাখার চেষ্টা করেন বাংলাদেশের অভিষিক্ত পেসার হাবিবা ইসলাম। নিজের প্রথম ওয়ানডেতেই ৩৬ রান দিয়ে দুটি উইকেট নেন এই তরুণী। আরেকটি উইকেট পান রাবেয়া খান।
বাংলাদেশের বোলারদের খুব একটা সুযোগ দেননি ফিবি লিচফিল্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ৫৭ বলে ৭৭ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার। রাবেয়া খানের বলে ফেরার আগেই দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন তিনি। পরে এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড বাকি কাজটুকু শেষ করেন।
পেরি ৪৫ বলে ২৬ এবং সাদারল্যান্ড ২৩ বলে অপরাজিত ২৫ রান করেন। বাংলাদেশের দেওয়া লক্ষ্য অর্ধেকের কিছু বেশি ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা।
বল হাতে চার উইকেট নেওয়া সাদারল্যান্ড হয়েছেন ম্যাচসেরা।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। একই মাঠে রোববার (১১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
