logo

অস্ট্রেলিয়া সিরিজে টাইগারদের সেরা পারফরমারের জন্য থাকছে ৩৫ লাখ টাকার গাড়ি

অস্ট্রেলিয়া সিরিজে টাইগারদের সেরা পারফরমারের জন্য থাকছে ৩৫ লাখ টাকার গাড়ি
চেরির সাথে চুক্তি সাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য থাকছে বাড়তি প্রেরণা। সিরিজে বাংলাদেশের সেরা পারফরমারকে দেওয়া হবে ৩৫ লাখ টাকা মূল্যের একটি গাড়ি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিখ্যাত চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরির অংশীদারত্বে এই পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (১২ মে) মিরপুরে ছোট পরিসরের এক সাইনিং অনুষ্ঠানে বিষয়টি জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে চেরি বাংলাদেশের হয়ে সেরা পারফরম করা ক্রিকেটারকে একটি গাড়ি দেবে।

তামিমের চোখে এটি শুধু একটি পুরস্কার নয়, বাংলাদেশের ক্রিকেটে বড় ব্র্যান্ডগুলোর ফিরে আসার ইতিবাচক ইঙ্গিতও। তার মতে, গত এক-দেড় বছরে বিসিবির ভাবমূর্তিতে যে ধাক্কা লেগেছিল, সেখান থেকে বেরিয়ে আসার পথে চেরির মতো প্রতিষ্ঠানের যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে বড় প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা যত বাড়বে, ক্রিকেটারদের জন্য সেটি তত বেশি অনুপ্রেরণার জায়গা তৈরি করবে বলেও মনে করেন তামিম। তিনি বলেন, কোনো সিরিজে ভালো করার জন্য ক্রিকেটারদের এ ধরনের পুরস্কার বাড়তি উৎসাহ দিতে পারে।

অনুষ্ঠানে চেরির পক্ষ থেকেও জানানো হয়, তামিমের উপস্থিতি ও উদ্যোগের কারণেই তারা অস্ট্রেলিয়া সিরিজে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তামিম বিষয়টিকে ব্যক্তিগত প্রভাব হিসেবে দেখতে চান না। তার ভাষায়, প্রতিষ্ঠানটি তার জন্য নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেই যুক্ত হচ্ছে।

তামিম আরও আশা প্রকাশ করেন, এই সম্পর্ক শুধু অস্ট্রেলিয়া সিরিজে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতেও চেরির মতো বড় ব্র্যান্ড বিসিবির সঙ্গে যুক্ত হবে এবং বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়াবে।