প্রথম বাংলাদেশি হিসেবে শুভাগত হোমের অনন্য রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা আলো ছড়াতে পারেননি শুভাগত হোম। তবে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ব্যাটে-বলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন এই অলরাউন্ডার। এবার সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে নাম লেখালেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের অনন্য ডাবল পূর্ণ করেছেন শুভাগত।
সোমবার (১৯ অক্টোবর) কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ময়মনসিংহের হয়ে এই কীর্তি গড়েন শুভাগত। ম্যাচের দ্বিতীয় দিনে ৭১ রানের ইনিংস খেলার পথে মাইলফলকটি স্পর্শ করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে শুভাগতর সংগ্রহ ছিল ৬ হাজার ৯৩০ রান ও ৩১১ উইকেট। অর্থাৎ সাত হাজার রান পূর্ণ করতে প্রয়োজন ছিল আর ৭০ রান। ঢাকার বিপক্ষে ১২৫ বলে চারটি চারে ৭১ রান করে সেই অপেক্ষার অবসান ঘটান তিনি।
অবশ্য মাইলফলকের দিনে ব্যাটিংয়ে নামতে হয়েছিল কঠিন পরিস্থিতিতে। আগের দিনের ৪ উইকেটে ২২৬ রান নিয়ে খেলতে নেমে দ্রুত তিন উইকেট হারায় ময়মনসিংহ। ২৩২ রানে ৭ উইকেট পড়ে গেলে দলের হাল ধরেন শুভাগত ও অধিনায়ক রাকিবুল হাসান।
অষ্টম উইকেটে দুজন গড়েন ১২৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। শুভাগতর ৭১ রানের পাশাপাশি রাকিবুল করেন ৬১ রান। তাদের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৮৭ রান তোলে ময়মনসিংহ।
ঢাকার হয়ে ৭৮ রানে ৪ উইকেট নেন আমিনুল ইসলাম বিপ্লব। সুমন খানের শিকার ৩ উইকেট। জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১২০ রান তোলে ঢাকা। অধিনায়ক মোহাম্মদ নাঈম ৬৪ রানে অপরাজিত ছিলেন।
২০১০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল শুভাগতর। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৮টি টেস্ট, ৪টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। জাতীয় দলে খুব বেশি সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেছেন।
গত বছর সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল পূর্ণ করেছিলেন শুভাগত। এবার সেই অর্জনকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন ৭ হাজার রান ও ৩০০ উইকেটের কীর্তি।
