logo

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিতে ডি ভিলিয়ার্সের আক্ষেপ

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিতে ডি ভিলিয়ার্সের আক্ষেপ

ভারতে নিরাপত্তা উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় হতাশা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার এবি ডি ভিলিয়ার্স। তার মতে, রাজনৈতিক জটিলতার কারণে কোনো দলকে বড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হওয়া ক্রিকেটের জন্য কখনোই ভালো বার্তা নয়।

নিজের ইউটিউব চ্যানেল ‘AB de Villiers 360’-এ এক দর্শকের প্রশ্নের জবাবে ডি ভিলিয়ার্স বলেন, তিনি কারও পক্ষ নিতে চান না এবং বিষয়টি রাজনৈতিক হওয়ায় বিস্তারিত মন্তব্য করতেও অনিচ্ছুক। তবে তিনি স্পষ্ট করে জানান, একটি জাতীয় দলের বিশ্বকাপ থেকে বাদ পড়া পুরো খেলাটির জন্যই হতাশাজনক।

ডি ভিলিয়ার্স বলেন, ‘এটা কখনোই ওই পর্যায়ে যাওয়া উচিত নয়, যেখানে একটি দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। খেলাটির জন্য এটা খুবই হতাশার। ক্রিকেটের সঙ্গে রাজনীতির জড়িয়ে পড়াকে আমি অপছন্দ করি, আর এখানেই মূল সমস্যা তৈরি হয়েছে।’

ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ না করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে বলে জানায়।

পরবর্তীতে আইসিসির বোর্ড সভার সিদ্ধান্তের ভিত্তিতে শেষ মুহূর্তে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে পুরো দল, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ কারণেই শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়, যা শেষ পর্যন্ত গৃহীত হয়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড।