অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়ার পর সুস্থতার পথে এনগিদি

কিছুক্ষণ আগেও যে দৃশ্যটা আতঙ্ক ছড়িয়েছিল, সেখান থেকে এখন স্বস্তির খবর মিলেছে। আইপিএলের মাঠে মাথায় গুরুতর আঘাত পাওয়া দিল্লির বোলার লুঙ্গি এনগিদি বর্তমানে স্থিতিশীল আছেন এবং শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।
আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, মাঠ থেকে হাসপাতালে নেওয়ার পর তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়। মাথাব্যথা ও ঘাড়ে ব্যথার কথা জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হতে পারে।
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচে চোট পান এনগিদি। ইনিংসের তৃতীয় ওভারে মিড-অফ থেকে পেছনে দৌড়ে ক্যাচ ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার সময় মাথা জোরে মাটিতে আঘাত করে।
ঘটনার পর দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। চিকিৎসক দল মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় অ্যাম্বুলেন্স মাঠে ঢুকিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ম্যাচের বাকি অংশে তার বদলে কনকাশন সাবস্টিটিউট হিসেবে খেলেন বিপ্রজ নিগম।