রাজনীতি নিয়ে সেই বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব

রাজনীতি নিয়ে সাম্প্রতিক মন্তব্য ঘিরে আলোচনার পর অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য ক্রিকেট।
এর আগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে কথা বলার পর নতুন করে আলোচনা তৈরি হয়। সেই প্রেক্ষিতেই ব্যাখ্যা দিতে এগিয়ে আসেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’
তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ক্রিকেট ক্যারিয়ার শেষ না হওয়া পর্যন্ত রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার ইচ্ছা তার রয়েছে।
সাকিবের ভাষায়, ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়।’
তিনি আরও যোগ করেন, রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করার সুযোগ রয়েছে। তবে রাজনীতির মাধ্যমে কাজ করা তুলনামূলক সহজ হতে পারে বলেও মত দেন তিনি।
সবশেষে জাতীয় দলের হয়ে হাসিমুখে ক্যারিয়ার শেষ করার আশা ব্যক্ত করে সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন এই অলরাউন্ডার।
উল্লেখ্য সম্প্রীতি দেওয়া সেই সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘ রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে। সব সময় থাকবে।’