logo
Advertisement

সুতারের ১০ উইকেটে ৬০০তম টেস্টে ভারতের স্মরণীয় জয়

এশিয়া পোস্ট স্পোর্টস
সুতারের ১০ উইকেটে ৬০০তম টেস্টে ভারতের স্মরণীয় জয়
মানব সুতারের দুর্দান্ত বোলিংয়ে গল টেস্টে স্বাগতিকদের ১৬৫ রানে হারিয়েছে ভারত। ছবি: বিসিসিআই

ঐতিহাসিক ৬০০তম টেস্টটা জয় দিয়েই স্মরণীয় করে রাখল ভারত। গলে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শুভমান গিলের দল। ভারতের এই স্মরণীয় জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন স্পিনার মানব সুতার, দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট।

Advertisement

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে শুরু হয়েছিল দেশটির ৬০০তম টেস্ট। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করে ভারত। ১৯৩২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলার ৯৪ বছর পর গলে সেই যাত্রা পৌঁছায় ছয়শতে।

মাইলফলকের ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। প্রথম ইনিংসে দেবদূত্ত পাডিক্কালের ১৬৭ এবং লোকেশ রাহুলের ৮২ রানে ৪৬২ রান তোলে সফরকারীরা। ধ্রুব জুরেল করেন ৫১ রান। জবাবে শ্রীলঙ্কাকে ২৮৪ রানে গুটিয়ে দিয়ে ১৭৮ রানের বড় লিড নেয় ভারত।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সোনাল দিনুশা অপরাজিত ১০০ এবং নিরোশান ডিকভেলা ৮০ রান করে প্রতিরোধ গড়েছিলেন। তবে ভারতের হয়ে সুতার ৪ এবং রবীন্দ্র জাদেজা ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের বড় সংগ্রহের সম্ভাবনা শেষ করে দেন।

দ্বিতীয় ইনিংসে অবশ্য পাল্টা লড়াই করে শ্রীলঙ্কা। ভারতকে মাত্র ১৯৩ রানে অলআউট করে তারা। ঋষভ পন্তের ৬৬ এবং পাডিক্কালের ৪৪ রানই ছিল ভারতের উল্লেখযোগ্য সংগ্রহ। আসিথা ফার্নান্দো নেন ৪ উইকেট, প্রবাথ জয়াসুরিয়া ৩টি।

তবে প্রথম ইনিংসের বড় লিডের সুবাদে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭২ রান। চতুর্থ দিন শেষেই ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

শেষ দিনে ধনাঞ্জয়া ডি সিলভা ও দিনুশা কিছুক্ষণ ভারতকে অপেক্ষায় রাখেন। পঞ্চম উইকেটে ৯৫ রান যোগ করেন দুজন। ধনাঞ্জয়া ৫৯ এবং দিনুশা ৮৪ রান করেন। কিন্তু এই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা।

শেষদিকে শ্রীলঙ্কার ব্যাটিং ধসিয়ে দেন সুতার। দিনুশাকে ফেরানোর পর প্রবাথ জয়াসুরিয়া ও লাহিরু কুমারাকেও দ্রুত বিদায় করেন তিনি। শেষ পর্যন্ত ২৩.৪ ওভারে ৫৫ রান দিয়ে নেন ৬ উইকেট। প্রথম ইনিংসের ৪ উইকেট মিলিয়ে ম্যাচে তার শিকার ১০টি। প্রসিধ কৃষ্ণা দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট।

শ্রীলঙ্কার ইনিংস থামে ২০৬ রানে। ফলে ১৬৫ রানের বড় জয় নিয়ে নিজেদের ৬০০তম টেস্ট উদযাপন করে ভারত।

তবে ম্যাচসেরার পুরস্কার গেছে পাডিক্কালের হাতে। প্রথম ইনিংসে ১৬৭ রানের দুর্দান্ত ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

ভারতের টেস্ট ইতিহাসে তাই গলের এই ম্যাচের জায়গা থাকবে আলাদা করে। ছয়শতম টেস্টের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি জয়টাও এসেছে দাপটের সঙ্গে। এবার দ্বিতীয় টেস্টে অন্তত ড্র করলেই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে দেশে ফিরবে গিলের দল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ৪৬২ ও ১৯৩

শ্রীলঙ্কা ২৮৪ ও ২০৬

ভারত জয়ী ১৬৫ রানে

সুতারের ১০ উইকেটে ৬০০তম টেস্টে ভারতের স্মরণীয় জয়