শ্রীলঙ্কায় কিশোর ক্রিকেটারের সঙ্গে সংঘর্ষের পর কোচের মৃত্যু

কিশোর ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেট কোচ সুমিথ ফার্নান্দো। ৬২ বছর বয়সী এই কোচ একসময় শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিসেরও প্রশিক্ষক ছিলেন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে কলম্বোর সিনামন গার্ডেনস পুলিশ। তাকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত শ্রীলঙ্কার প্রবেশন ও শিশু পরিচর্যা বিভাগের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৮ আগস্ট কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মাঠে অনুশীলনরত কয়েকজন ক্রিকেটার পানি পান করতে গিয়ে দেখেন, কলটিতে পানি নেই। বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবটির কর্মী ফার্নান্দোর কথা কাটাকাটি শুরু হয়।
পুলিশ জানিয়েছে, একপর্যায়ে বিরোধটি শারীরিক সংঘর্ষে রূপ নেয়। ফার্নান্দো একজন খেলোয়াড়কে আঘাত করার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ সময় ১৭ বছর বয়সী ক্রিকেটারটি তাকে আঘাত করে বলে অভিযোগ।
আহত অবস্থায় ফার্নান্দোকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোর ক্রিকেটারটিকে ১০ আগস্ট গ্রেপ্তার এবং পরদিন কলম্বোর একটি আদালতে হাজির করা হয়।
তবে আঘাতের কারণেই ফার্নান্দোর মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসার নথিতে তার হৃদ্রোগের তথ্য পাওয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হয়। বিচারিক চিকিৎসা কর্মকর্তা উন্মুক্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আরও পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সরকারি বিশ্লেষকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মোরাতুয়ার প্রিন্স অব ওয়েলস কলেজের সাবেক কোচ ছিলেন ফার্নান্দো। স্কুল পর্যায়ে কুশল মেন্ডিসসহ শ্রীলঙ্কার বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারকে গড়ে তুলতে ভূমিকা রেখেছিলেন তিনি।
পরে শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের কিউরেটর হিসেবেও কাজ করেন ফার্নান্দো। বৃহস্পতিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ঘটনার বিস্তারিত পরিস্থিতি এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে শ্রীলঙ্কার পুলিশ।
সূত্র: পিটিআই, শ্রীলঙ্কা মিরর


