logo

চিঠি দিয়ে আইসিসির কাছে নতুন দাবি বাংলাদেশের

চিঠি দিয়ে আইসিসির কাছে নতুন দাবি বাংলাদেশের

নাটকীয় টানাপোড়েনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ। ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার আনুষ্ঠানিক চিঠিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নতুন একটি দাবি জানিয়েছে।

বিসিবির পাঠানো ই-মেইলে জানানো হয়েছে, ম্যাচ ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বিতর্কটি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। এই কমিটি মূলত সংস্থার স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এবং বিতর্কিত বিষয়গুলোর আইনি ও প্রক্রিয়াগত নিষ্পত্তি করে থাকে। বিসিবির দাবি, ভেন্যু সংক্রান্ত সিদ্ধান্তটি এই স্বাধীন প্রক্রিয়ার মধ্য দিয়েই পর্যালোচনা হওয়া উচিত।

এর আগে গত বুধবার আইসিসি বাংলাদেশকে জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়েই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। তবে সেই নির্দেশনার পরও বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি। বরং নতুন চিঠির মাধ্যমে একই সিদ্ধান্ত আরও আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হলো।

এদিকে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের স্পষ্ট করে জানান, বাংলাদেশের সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। তার ভাষায়, আইসিসির দেওয়া নিরাপত্তা মূল্যায়ন বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়।

বুধবারের নির্দেশনার পর থেকে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন করে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

সূচি অনুযায়ী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবগুলো গ্রুপ ম্যাচ ভারতে হওয়ার কথা—প্রথম তিনটি কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও এখন পর্যন্ত সেই সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

অন্যদিকে, বিসিবিও এক পা নড়তে রাজি নয়। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মাঠে নামা নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকেই যাচ্ছে।