logo

বিশ্বকাপের আক্ষেপ ভুলে বাংলাদেশকে সামনে তাকানোর পরামর্শ সোধির

বিশ্বকাপের আক্ষেপ ভুলে বাংলাদেশকে সামনে তাকানোর পরামর্শ সোধির

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা পেছনে ফেলে বাংলাদেশকে সামনে এগোনোর পরামর্শ দিলেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি। তার মতে, অতীত নিয়ে পড়ে না থেকে আগামী বিশ্বকাপের প্রস্তুতিই হওয়া উচিত বাংলাদেশের মূল লক্ষ্য।

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে সোধি বলেন, ‘জানি না এটা তাদের মানসিকভাবে কতটা প্রভাব ফেলবে। তবে সবাই নিশ্চয়ই পরের বিশ্বকাপে ভালো করতে চাইবে। অতীতে যা হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই।’

তিনি মনে করেন, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের সামনে এখন নিজেদের প্রমাণ করার বড় সুযোগ রয়েছে। ‘অনেক নতুন ছেলে দলে এসেছে। তারা ভাববে, আমি নিজের দেশের হয়ে খেলছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই বছর পরপর হয়, তাই প্রস্তুতির জন্য সময়ও পাচ্ছে,’ বলেন তিনি।

এ ছাড়াও বাংলাদেশ দলকে ইতিবাচকভাবেই দেখছেন এই কিউই স্পিনার। তার ভাষায়, ‘বাংলাদেশ খুব প্যাশনেট ক্রিকেট জাতি। দলটাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা একটি কঠিন সিরিজ আশা করছি।’

এ সময় তিনি বাংলাদেশের অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণের কথাও তুলে ধরেন। লিটন ও হৃদয়ের মতো ক্রিকেটারদের পাশাপাশি নতুনদের নিয়েও সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।

দীর্ঘদিন পর আবার বাংলাদেশে খেলতে এসে উচ্ছ্বসিত সোধি। ২০১৩ সালে এখানে প্রথম খেলেছিলেন তিনি। এবার ফিরে এসে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আছেন। ‘এই কন্ডিশনে বাংলাদেশ সবসময়ই শক্তিশালী দল। এখানে খেলতে সবসময়ই ভালো লাগে,’ বলেন এই স্পিনার।

সব মিলিয়ে, বাংলাদেশের সামনে এখন নতুন করে শুরু করার সুযোগ দেখছেন সোধি, যেখানে লক্ষ্য হওয়া উচিত আগামী বিশ্বকাপ।