logo

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

সম্প্রতি শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর, যেখানে বাংলাদেশের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এই ফরম্যাটের সবচেয়ে বড় মঞ্চে দেখা যায়নি টাইগারদের।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিকল্প হিসেবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির কাছে আবেদন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সদস্য দেশগুলোর ভোটাভুটিতে সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। পাকিস্তান ছাড়া আর কোনো দেশ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে, বিশ্বকাপে অংশ নিতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মিরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই সিদ্ধান্তের পেছনে কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি কাজ করবে।

বিশ্বকাপ চলাকালে অন্য দলগুলো যখন প্রতিযোগিতায় ব্যস্ত ছিল, তখন বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নিয়েছেন ঘরোয়া টি-টোয়েন্টি লিগে। বিসিবির এই অবস্থান একদিকে দৃঢ়তার উদাহরণ হিসেবে প্রশংসা পেলেও, অন্যদিকে কূটনৈতিক ও কৌশলগত সীমাবদ্ধতা নিয়ে প্রশ্নও উঠেছে।

এর আগে প্রতিমন্ত্রী জানান, বিশ্বকাপে অংশগ্রহণ না করার ফলে যে কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধানে ভারতের সঙ্গে আলোচনা করতে আগ্রহী সরকার। পাশাপাশি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ক্রীড়াসহ সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথাও তিনি উল্লেখ করেন।