logo

বিসিবি এখন ‘বাপের দোয়া বোর্ড’, অভিযোগ হাসনাতের

বিসিবি এখন ‘বাপের দোয়া বোর্ড’, অভিযোগ হাসনাতের

বিসিবির নতুন অ্যাডহক কমিটি ঘিরে বিতর্কের মধ্যেই সংসদে তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার ভাষায়, ‘বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।’ 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে ভেঙে দেওয়ার পর ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে তারা।

তবে কমিটির সদস্য তালিকা প্রকাশের পর থেকেই নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনের সঙ্গে যুক্ত কয়েকজনের অন্তর্ভুক্তি বিতর্কের জন্ম দিয়েছে।

কমিটিতে জায়গা পেয়েছেন তিন প্রভাবশালী রাজনৈতিক নেতার সন্তান। এর মধ্যে রয়েছেন মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহীম আহমেদ এবং ইসরাফিল খসরু। পাশাপাশি ব্যারিস্টার রাশনা ইমামও অন্তর্ভুক্ত হয়েছেন, যিনি একজন প্রতিমন্ত্রীর স্ত্রী।

এই প্রেক্ষাপটেই সংসদে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বোর্ডটি এখন আর স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে না। তার ভাষায়, “যেভাবে বিসিবিকে দখল করা হয়েছে, তাতে এটা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই।”

তবে কমিটিতে শুধু রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিরাই নন, ক্রিকেট সংশ্লিষ্ট অভিজ্ঞতাও রাখা হয়েছে। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খান রয়েছেন এই তালিকায়। এ ছাড়া সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা এবং ক্লাব ক্রিকেট সংগঠক তানজিল চৌধুরীও আছেন কমিটিতে।

জাতীয় ক্রীড়া পরিষদের দাবি, সব দিক বিবেচনা করেই একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রধান লক্ষ্য দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখা।