ভারত সেমিফাইনাল সামনে রেখে সেরাটা দেওয়ার তাগিদ জ্যোতির

সেমিফাইনালে ওঠার স্বস্তি মিলেছে, এবার বাংলাদেশের সামনে ভারতকে টপকানোর চ্যালেঞ্জ। শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে অবশ্য বাড়তি চাপ নিতে চান না নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। নিজেদের সেরাটা দিয়েই ফাইনালের টিকিটের জন্য লড়তে চান তারা।
আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই লড়াইয়ের আগে সুপ্তা মনে করিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার পথে শক্তিশালী দলের মুখোমুখি হতেই হবে। ভারতের বিপক্ষে খেলাটাও তাই উপভোগ করতে চান এই ব্যাটার।
আমিরাত ম্যাচের পর সুপ্তা বলেন, ‘আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান, তবে এমন শক্তিশালী দলের বিপক্ষে আপনাকে খেলতেই হবে।’
অধিনায়ক জ্যোতিও এখনই ফল নিয়ে ভাবতে চান না। ভারতের শক্তি মেনে নিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলার ওপর জোর দিয়েছেন তিনি। তাঁর কথা, ‘কিন্তু নিজেদের পুরোটা উজাড় করে দিতে হবে।’
তবে বড় ম্যাচের আগে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতি দরকার। আরব আমিরাতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাত্র ১০৩ রানে অলআউট হয়েছিল দল। সুপ্তার সর্বোচ্চ ৩৮ রানের পাশাপাশি জ্যোতি করেন ২৩ রান।
অল্প পুঁজি নিয়েও বোলারদের দাপটে ম্যাচটি ৩৪ রানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আমিরাতকে ৬৯ রানে আটকে রেখে ৯ উইকেট তুলে নেন রাবেয়া খানরা। রাবেয়া নেন তিন উইকেট, মারুফা আক্তার ও নাহিদা আক্তার দুটি করে।
এবার ভারতের বিপক্ষে বোলিংয়ের সেই ধার ধরে রাখার পাশাপাশি ব্যাট হাতেও বড় অবদান রাখতে হবে বাংলাদেশের মেয়েদের। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।


