logo

ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান, নয়েই বাংলাদেশ

ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান, নয়েই বাংলাদেশ
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি: আফগান ক্রিকেট বোর্ড

ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচেই হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে টানা তিন জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। দুই দলের বিপরীতমুখী পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির হালনাগাদ ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। এক ধাপ এগিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে আফগানরা। বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকলেও কমেছে রেটিং পয়েন্ট।

আইসিসির সর্বশেষ হালনাগাদ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯৪ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে আফগানিস্তান। আগের তালিকায় ৯২ রেটিং নিয়ে অষ্টম স্থানে ছিল রশিদ খানদের দল। বিপরীতে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে ইংল্যান্ড। তাদের বর্তমান রেটিং ৯৩।

আফগানিস্তানের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স। প্রথমে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারায় তারা। এরপর বাংলাদেশের বিপক্ষে পায় ৭ উইকেটের জয়। শুক্রবার (২৩ অক্টোবর) শারজায় ফাইনালেও জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রহমত শাহর দল।

অন্যদিকে পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ হেরে র‍্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮৭ রানে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষেও ২ উইকেটে পরাজিত হয় হ্যারি ব্রুকের দল। দুই হারের ফলে ষষ্ঠ থেকে অষ্টম স্থানে নেমে গেছে ইংলিশরা।

বাংলাদেশের অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই নবম স্থানে রয়েছে টাইগাররা। তবে রেটিং ৮৩ থেকে কমে হয়েছে ৮১। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর আফগানিস্তানের বিপক্ষেও ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। দুই ম্যাচে কোনো জয় ছাড়াই শেষ হয় তাদের সিরিজ।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে শ্রীলঙ্কাও। রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ঐতিহাসিক জয় পাওয়া লঙ্কানরা ৯৫ রেটিং নিয়ে সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অন্যদিকে পাকিস্তান ১০৩ রেটিং নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তাদের রেটিং ১১৫। ১০৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং ১০৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১০২। বাংলাদেশের ঠিক পেছনে দশম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের রেটিং ৭৯।