logo

ঈদে বগুড়ায় মুশফিক, মাঠে না আসায় মায়ানকে নিয়ে আক্ষেপ পরিবারের

ঈদে বগুড়ায় মুশফিক, মাঠে না আসায় মায়ানকে নিয়ে আক্ষেপ পরিবারের
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটি কাটাতে নিজ শহর বগুড়ায় আছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে বাবার সঙ্গে ঈদের জামাতে অংশ নেন তিনি।

ঈদের নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। পরে পরিবারের সদস্যদের নিয়ে পূর্বপুরুষদের কবর জিয়ারতও করেন তিনি।

গত ঈদে বাবা ও ছেলেকে নিয়ে তিন প্রজন্ম একসঙ্গে নামাজ পড়েছিলেন মুশফিক। তবে এবার সেই দৃশ্য আর দেখা যায়নি। তার ছেলে শাহরোজ রহিম মায়ান অসুস্থ থাকায় ঈদগাহে যেতে পারেনি।

এ নিয়ে আফসোসের কথা জানান মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা। তিনি বলেন, ‘নাতিটা অসুস্থ হয়ে পড়ায় এবার মাঠে আসতে পারেনি। ও থাকলে আরও ভালো লাগত। তিনজন একসঙ্গে ঈদের নামাজ পড়ার আনন্দটা আলাদা।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, ‘ঈদ মানে শুধু নিজের আনন্দ না, সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। বিশেষ করে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত।’

ঈদের পর বাংলাদেশের সামনে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, দলকে সমর্থন দেওয়ার জন্য সব সময়ের মতো ক্রিকেটপ্রেমীদের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন তিনি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নিয়েও কথা বলেন এই ক্রিকেটার। তার মতে, দেশের অন্যতম মানসম্মত উইকেট রয়েছে এই ভেন্যুতে। প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন শেষ হলে আন্তর্জাতিক ক্রিকেট আবারও ফিরতে পারে এখানে।

অন্যদিকে, বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে মাহবুব হামিদ তারা বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলাটা কঠিন হলেও বাংলাদেশ ভালো লড়াই করবে বলে বিশ্বাস করি।’