এশিয়ান গেমস দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস

হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় বাংলাদেশ দলে নেওয়া হয়েছে অফ স্পিনার আলিস আল ইসলামকে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সাইফউদ্দিনকে এশিয়ান গেমসের দল থেকে বাদ দিতে হয়েছে।
তার বদলি হিসেবে সুযোগ পাওয়া ২৯ বছর বয়সী আলিস এখনো বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। সাদা বলের বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত এই অফ স্পিনার সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজে খেলেছেন।
জাপানে হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াডে এটাই সর্বশেষ পরিবর্তন।
